ব্রাজিলের প্রেসিডেন্টকে অভিশংসনের পক্ষে ৫৪ শতাংশ মানুষ
ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারোর বিরুদ্ধে দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষে বিরোধীদের পক্ষ থেকে অভিশংসন প্রস্তাব আনার প্রক্রিয়া চলছে। এই প্রক্রিয়ায় সমর্থন রয়েছে দেশটির ৫৪ শতাংশ মানুষ। বিভিন্ন বিষয় নিয়ে উল্টাপাল্টা মন্তব্যের জন্য দেশে-বিদেশে তুমুল সমালোচিত বলসোনারো। তাঁর বিরুদ্ধে করোনা মহামারি মোকাবিলায় ব্যর্থতা ও টিকা নিয়ে দুর্নীতির অভিযোগ রয়েছে। চলছে তদন্ত। কমেছে বলসোনারোর জনপ্রিয়তা। এসব অভিযোগে তাঁর বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন ব্রাজিলের কয়েক হাজার মানুষ।
আজ রোববার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, করোনা মহামারি, টিকা কেনা ও দুর্নীতি নিয়ে বলসোনারোর বিরুদ্ধে চাপ দিন দিন বাড়ছে। বিরোধী আইনপ্রণেতারা ব্রাজিলের পার্লামেন্টের নিম্নকক্ষে তাঁর বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব আনতে উদ্যোগ নিয়েছেন। বিষয়টি নিয়ে ব্রাজিলের জনগণ কী ভাবছে, সেটা জানতে জরিপ চালিয়েছে গবেষণা প্রতিষ্ঠান ডাটাফোলহা।
স্থানীয় সময় শনিবার এই জরিপের ফল প্রকাশ করা হয়েছে। দেখা গেছে, জরিপে অংশ নেওয়া ৫৪ শতাংশ ব্রাজিলের কট্টর ডানপন্থী প্রেসিডেন্ট বলসোনারোর বিরুদ্ধে উত্থাপন করতে যাওয়া অভিশংসন প্রস্তাব সমর্থন করছেন। আর ৪২ শতাংশ এই প্রস্তাবের পক্ষে নন।
করোনা সংক্রমণের শুরু থেকেই ইচ্ছাকৃতভাবে মহামারি পরিস্থিতিকে উপেক্ষা করে এসেছেন বলসোনারো। কোভিড-১৯-কে ‘সামান্য জ্বর’ মন্তব্য করে সমালোচিত হয়েছেন তিনি। নিজে মাস্ক পরতে চাইতেন না। দেশটির জনগণকে মাস্ক পরা ও সামাজিক দূরত্ব মেনে চলতে মানা করতেন। জনসমাগমে মাস্ক না পরা ও কোভিড বিধি না মানায় ব্রাজিলের আদালত তাঁকে একাধিকবার জরিমানা করেছে। বলসোনারোর একগুঁয়েমির কারণে দেশটিতে করোনায় পাঁচ লাখ ৩০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।
করোনা মোকাবিলায় জনগণকে টিকা দিতেও আগ্রহী নন বলসোনারো। বলেছিলেন, ‘করোনার টিকা নিলে মানুষ কুমির হয়ে যেতে পারে।’ তবে সংক্রমণ ও মৃত্যু বেড়ে যাওয়ার জেরে দেশি-বিদেশি চাপের মুখে টিকা কিনতে বাণিজ্যিক চুক্তি করেছে বলসোনারো সরকার। তবে অভিযোগ উঠেছে, বাজারে প্রচলিত মূল্যের চেয়ে বেশি দামে করোনার টিকা কিনছেন বলসোনারো। এই বিষয়ে দুর্নীতির তদন্ত চলছে। তবে বরাবর এসব অভিযোগ অস্বীকার করে এসেছেন ২০১৯ সালে ব্রাজিলে ক্ষমতায় আসা বলসোনারো।
তবে দেশটির জনগণ ক্রমেই বলসোনারোর বিরুদ্ধে পথে নামতে শুরু করেছেন। গত সপ্তাহে ব্রাজিলের বিভিন্ন শহরে তাঁর বিরুদ্ধে টানা বিক্ষোভ করেছেন হাজারো ব্রাজিলের। অনেকেই বলসোনারোর পদত্যাগ দাবি করেছেন। গত বৃহস্পতিবার প্রকাশিত ডাটাফোলহার আরেকটি জরিপের ফলাফলে দেখা গেছে, এই মুহূর্তে ব্রাজিলের ৫১ শতাংশ মানুষ বলসোনারোকে পছন্দ করছেন না। ২০১৯ সালের জানুয়ারিতে ব্রাজিলে ক্ষমতা নেওয়ার পর থেকে তাঁর জনপ্রিয়তা আগে এতটা কমেনি।
এদিকে ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাবেক কারিগরি-বিষয়ক পরিচালক রবার্তো ফেরিইরা দিয়াসকে গত বুধবার আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে পার্লামেন্টের তদন্তে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ আনা হয়েছে। এর আগের সপ্তাহে ভারতীয় করোনার টিকা কোভ্যাক্সিন সংগ্রহে ঘুষ নিতে চাওয়ার অভিযোগে দিয়াসকে ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বরখাস্ত করা হয়। তবে রবার্তো দিয়াস এই অভিযোগ অস্বীকার করেছেন।
উল্লেখ্য, করোনাভাইরাসের সর্বোচ্চ সংক্রমিত দেশগুলোর তালিকায় যুক্তরাষ্ট্র ও ভারতের পর ব্রাজিল তৃতীয় অবস্থানে রয়েছে। ওয়ার্ল্ডোমিটারসের হালনাগাদ তথ্য অনুযায়ী, আজ রাত সাড়ে নয়টা পর্যন্ত দেশটিতে ১ কোটি ৯০ লাখের বেশি মানুষের শরীরে করোনা শনাক্ত হয়েছে। কোভিড-১৯ আক্রান্ত হয়ে দেশটিতে মারা গেছেন ৫ লাখ ৩২ হাজার ৯৪৯ জন। করোনার সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন, এমন দেশগুলোর বৈশ্বিক তালিকায় ব্রাজিলের অবস্থান দ্বিতীয়।