বিমান অনুসন্ধানে বস্তুর খোঁজে অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্যাটেলাইট চিত্রে দক্ষিণ ভারত মহাসাগরে দুটি বস্তু দেখা গেছে। ওই বস্তু দুটি মালয়েশিয়ার নিখোঁজ যাত্রীবাহী বিমানের ধ্বংসাবশেষ হতে পারে বলে আজ জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবোট। ছবি: রয়টার্স
স্যাটেলাইট চিত্রে দক্ষিণ ভারত মহাসাগরে দুটি বস্তু দেখা গেছে। ওই বস্তু দুটি মালয়েশিয়ার নিখোঁজ যাত্রীবাহী বিমানের ধ্বংসাবশেষ হতে পারে বলে আজ জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবোট। ছবি: রয়টার্স

স্যাটেলাইট-চিত্রে দক্ষিণ ভারত মহাসাগরে দুটি বস্তু দেখা গেছে। বস্তু দুটি মালয়েশিয়ার নিখোঁজ যাত্রীবাহী বিমানের ধ্বংসাবশেষ হতে পারে বলে জানিয়েছে অস্ট্রেলিয়া। এ ব্যাপারে অনুসন্ধান ও তদন্ত চলছে। এ ঘটনাকে ইতিবাচক অগ্রগতি ও নতুন আশা হিসেবে দেখছে মালয়েশীয় কর্তৃপক্ষ।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, স্যাটেলাইট-চিত্রে দক্ষিণ ভারত মহাসাগরে দুটি বস্তু দেখা যাওয়ার বিষয়টি আজ বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার পার্লামেন্টে জানান দেশটির প্রধানমন্ত্রী টনি অ্যাবোট। ওই দুটি সম্ভাব্য ধ্বংসাবশেষের মধ্যে একটির আকৃতি ২৪ মিটার বলে জানিয়েছে অস্ট্রেলিয়ার মেরিটাইম সেফটি অথরিটি (এএমএসএ)।

স্যাটেলাইট-চিত্রে দুটি বস্তু
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আজ পার্লামেন্টে বলেন, ‘দক্ষিণ ভারত মহাসাগরে মালয়েশিয়ান এয়ারলাইনসের ফ্লাইট এমএইচ৩৭০ অনুসন্ধানের বিষয়ে নতুন ও বিশ্বাসযোগ্য তথ্য পাওয়া গেছে। স্যাটেলাইট চিত্রের ভিত্তিতে এই অনুসন্ধানের সঙ্গে সংশ্লিষ্ট সম্ভাব্য দুটি বস্তুর তথ্য পেয়েছে অস্ট্রেলিয়ার মেরিটাইম সেফটি অথরিটি (এএমএসএ)। স্যাটেলাইট-চিত্র বিশ্লেষণ করে এই অনুসন্ধান-সংশ্লিষ্ট দুটি বস্তু চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা।’
টনি অ্যাবোট আরও জানান, স্যাটেলাইট-চিত্রে দক্ষিণ ভারত মহাসাগরে দুটি বস্তু দেখার বিষয়টি নিয়ে ইতিমধ্যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাকের সঙ্গে কথা বলেন তিনি। মালয়েশীয় প্রধানমন্ত্রীকে সতর্ক করে তিনি বলেছেন, ওই বস্তুগুলোর অবস্থান চিহ্নিত করা খুবই কঠিন কাজ হবে। তা ছাড়া নিখোঁজ হওয়া এমএইচ৩৭০ ফ্লাইট অনুসন্ধানের সঙ্গে ওই বস্তুগুলোর কোনো সংশ্লিষ্টতা নাও থাকতে পারে।

দূরত্ব ২৫০০ কিলোমিটার
অস্ট্রেলিয়ার মেরিটাইম সেফটি অথরিটির (এএমএসএ) জরুরি-সাড়া বিভাগের মহাব্যবস্থাপক জন ইয়ং এক সংবাদ সম্মেলনে জানান, অস্ট্রেলিয়ার উপকূলীয় শহর পার্থ থেকে আড়াই হাজার কিলোমিটার বা এক হাজার ৫৫৩ মাইল দক্ষিণ-পশ্চিমে দক্ষিণ ভারত মহাসাগরে ওই বস্তু দুটি স্যাটেলাইটে ধরা পড়েছে। সেখানকার পানির গভীরতা কয়েক হাজার মিটার।

বস্তু দুটি অস্পষ্ট
এএমএসএর পক্ষ থেকে জানানো হয়েছে, বস্তু দুটি পানিতে ভেসে যাচ্ছিল এবং ওপরে-নিচে ওঠানামা করছিল। পানিতে ভেসে যাওয়ার সময় বস্তু দুটি স্যাটেলাইটে ধরা পড়ে। তবে স্যাটেলাইটে ধরা পড়া ওই ছবি অপেক্ষাকৃত অস্পষ্ট। এএমএসএর জরুরি-সাড়া বিভাগের মহাব্যবস্থাপক জন ইয়ং বলেছেন, স্যাটেলাইট-চিত্রে ধরা পড়া ওই বস্তু দুটির আকৃতি যৌক্তিক। এর মধ্যে একটির আকৃতি ২৪ মিটার। আরেকটি ছোট। বস্তু দুটি খুঁজে পাওয়া কঠিন হবে। বস্তু দুটি মালয়েশিয়ার নিখোঁজ হওয়া বিমানের ধ্বংসাবশেষ কি না, তা এখনই বলা যাচ্ছে না।

অনুসন্ধান ব্যাহত হওয়ার আশঙ্কা
এএমএসএর পক্ষ থেকে জানানো হয়েছে, অনুসন্ধান-সংশ্লিষ্ট এলাকাটির দৃষ্টিগ্রাহ্যতা খুব কম। এ কারণে অনুসন্ধান কার্যক্রম বাধাগ্রস্ত হতে পারে। তবে অনুসন্ধানের জন্য আবহাওয়া অনুকূলে রয়েছে।
এএমএসএর জরুরি-সাড়া বিভাগের মহাব্যবস্থাপক জন ইয়ং জানিয়েছেন, বস্তু দুটির সন্ধান পাওয়ার ব্যাপারে তাঁরা সব মনোযোগ নিয়োগ করছেন। খোঁজ না পাওয়া পর্যন্ত মহাসাগরের বাকি এলাকায় আর অনুসন্ধান চালানো হবে না। বস্তু দুটির অবস্থান চিহ্নিত করতে পারলে তা উদ্ধার করে তীরে নিয়ে আসা হবে বলেও জানান তিনি।

বিমান ও জাহাজ প্রেরণ
দক্ষিণ ভারত মহাসাগরে স্যাটেলাইট-চিত্রে দেখতে পাওয়া বস্তু দুটি অনুসন্ধানে সংশ্লিষ্ট এলাকায় মোট চারটি বিমান পাঠানো হয়েছে। এর মধ্যে অস্ট্রেলিয়ার দুটি এবং যুক্তরাষ্ট্র ও নিউজিল্যান্ডের দুটি বিমান রয়েছে। অস্ট্রেলিয়ার একটি ওরিয়ন বিমান ইতিমধ্যে ঘটনাস্থলে অনুসন্ধান চালাচ্ছে।
এ ছাড়া অস্ট্রেলিয়ার একটি বাণিজ্যিক জাহাজও এই উদ্ধার অভিযানে অংশ নিচ্ছে। দিনের শেষ নাগাদ ঘটনাস্থলে জাহাজটির পৌঁছার কথা। অস্ট্রেলিয়ার নৌবাহিনীর একটি জাহাজও পথে রয়েছে।

নতুন আশা
স্যাটেলাইট-চিত্রে দক্ষিণ ভারত মহাসাগরে দুটি বস্তু দেখার বিষয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর কাছ থেকে ঘোষণা আসার পর মালয়েশিয়ার ভারপ্রাপ্ত পরিবহনমন্ত্রী হিসামউদ্দিন হুসাইন কুয়ালালামপুরে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানিয়েছেন। তাঁর মতে, নিখোঁজ বিমান অনুসন্ধানের ক্ষেত্রে এটি একটি নতুন দিক। তিনি বলেন, ‘আমরা প্রথম দিন থেকেই বিমান অনুসন্ধানে কাজ করে যাচ্ছি। প্রতিটি ঘটনা ও দিক খতিয়ে দেখছি। এবার আমি কেবল আশা করতে পারি, এটা একটা ইতিবাচক অগ্রগতি। প্রতিটি নতুন দিকই একটি আশা। আমরা বিষয়টি পরীক্ষা করে নিশ্চিত হতে চাই।’

বিমান নিখোঁজ
মালয়েশিয়া এয়ারলাইনসের এমএইচ৩৭০ ফ্লাইটটি ২৩৯ জন আরোহী নিয়ে ৭ মার্চ দিবাগত রাতে নিখোঁজ হয়। মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে চীনের বেইজিংয়ের উদ্দেশে যাত্রার এক ঘণ্টা পর এটি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিমানটিকে খুঁজে বের করতে চিরুনি অভিযান চলছে। এতে ২৬টি দেশ অংশ নিয়েছে বলে মালয়েশিয়া কর্তৃপক্ষ বলেছে। স্থল, নৌ ও আকাশপথে চালানো হচ্ছে এ অভিযান। এর আগেও নিখোঁজ বিমানের সম্ভাব্য ধ্বংসাবশেষ পাওয়ার খবর বের হয়। কিন্তু শেষ পর্যন্ত তদন্তে তা ভুল প্রমাণিত হয়।