
নিখোঁজ হওয়ার চার দিন পরও হদিস মেলেনি মালয়েশিয়া এয়ারলাইনসের উড়োজাহাজটির। গতকাল মঙ্গলবার পাওয়া নতুন কিছু তথ্য রহস্যের ধূম্রজাল না ছিঁড়ে বরং জন্ম দিয়েছে নতুন প্রশ্নের।
জানা গেছে, ভুয়া পাসপোর্ট নিয়ে ওই বিমানে ওঠা দুই সন্দেহভাজন ব্যক্তি ইরানের নাগরিক। তবে দৃশ্যত সন্ত্রাসবাদের সঙ্গে তাঁদের কোনো যোগসূত্র নেই। আরও জানা গেছে, লাপাত্তা হওয়ার আগে উড়োজাহাজটি পরিকল্পিত রুট থেকে ঘুরে পশ্চিম দিকে মোড় নিয়েছিল। এর উল্টো মুখে ঘোরার কারণ ভেবে পাচ্ছেন না তদন্তকারীরা।
তবে ইতিহাসে এ রকম রহস্যজনকভাবে বিমান হারিয়ে যাওয়া বা দুর্ঘটনায় পড়ার ঘটনা নতুন নয়। অনেক ক্ষেত্রে দুর্ঘটনায় পড়া বিমানের চিহ্ন পাওয়া গেলেও ঘটনার কারণ কোনো দিনই জানা যায়নি।
মালয়েশিয়ার সেনাবাহিনী গতকাল বলেছে, রাডারের পর্দা থেকে মিলিয়ে যাওয়ার আগে উড়োজাহাজটি দিক পরিবর্তন করে পশ্চিম দিকে মোড় নিয়েছিল। সর্বশেষ এটি মালাক্কা প্রণালির ওপর দিয়ে উড়ছিল। এর আগে বলা হয়েছিল, বিমানটি নিখোঁজ হয় আরও বেশি খানিকটা পূর্ব দিকে, ভিয়েতনামের দক্ষিণ উপকূলের অদূরে।
মালয়েশিয়ার পুলিশ ও আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল দুই জাল পাসপোর্টধারীকে ইরানি হিসেবে চিহ্নিত করেছে। ইন্টারপোল বলছে, তাদের পাওয়া তথ্যমতে একজনের নাম দেলাভার সৈয়দ মোহাম্মদরেজা (২৯)।
অন্যদিকে মালয়েশিয়ার পুলিশ-প্রধান খালিদ আবু বকর বলেন, তাঁদের শনাক্ত করা ইরানির বয়স ১৯। পুরিয়া নূর মোহাম্মদ মেহেরদাদ নামে ওই তরুণ সম্ভবত জার্মানিতে অভিবাসী হওয়ার চেষ্টা করছিলেন।
আবু বকর বলেন, ‘আমরা তাঁর ব্যাপারে খোঁজখবর নিয়েছি। আমাদের ধারণা, তিনি কোনো সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য নন। আমরা ওই তরুণের জার্মানিতে থাকা মায়ের সঙ্গে যোগাযোগ করেছি। তিনি ফ্রাঙ্কফুর্টে ছেলের জন্য অপেক্ষা করছিলেন।’
ইন্টারপোল বলেছে, মোহাম্মদরেজা ও মেহেরদাদ প্রথমে ইরানি পাসপোর্টে কাতার থেকে কুয়ালালামপুরে আসেন। তারপর চোরাই ইতালীয় ও অস্ট্রীয় পাসপোর্ট ব্যবহার করে তাঁরা বেইজিংগামী ওই ফ্লাইটে ওঠেন।
ইন্টারপোলের মহাসচিব রোনাল্ড নোবল গতকাল বলেন, ‘ক্রমেই এটা নিশ্চিত হওয়া যাচ্ছে যে, ওই দুজন সম্ভবত সন্ত্রাসী নন। তবে তাঁরা কোনো কিছু পাচারের কাজে নিয়োজিত থাকতে পারেন।’
সব সম্ভাবনাই খতিয়ে দেখা হচ্ছে: উড়োজাহাজটি নিখোঁজ হওয়ার পেছনে সন্ত্রাসী কর্মকাণ্ডসহ সবকিছুর সম্ভাবনা এখনো খতিয়ে দেখছে পুলিশ। এর আগে দুই যাত্রীর জাল পাসপোর্ট ব্যবহার করার কথা প্রথম প্রকাশ পেলে সম্ভাব্য সন্ত্রাসী তৎপরতা নিয়ে ব্যাপক জল্পনাকল্পনা শুরু হয়। চুরি যাওয়া ইউরোপীয় পাসপোর্ট দুটির তথ্য ইন্টারপোলের তালিকায় থাকার পরও তা ব্যবহার করে কীভাবে কেউ আন্তর্জাতিক ফ্লাইটে চড়তে পারল, তা নিয়েও প্রশ্ন ওঠে।
অনুসন্ধান তৎপরতা জোরদার: গতকাল চীন ১০টি স্যাটেলাইট মোতায়েন করেছে, যেগুলো সাগরে সম্ভাব্য ধ্বংসাবশেষ অনুসন্ধানে সাহায্য করবে। অনুসন্ধানের আওতায় থাকা এলাকার আয়তন ৫০ নটিক্যাল মাইল (৫৭ মাইল) থেকে বাড়িয়ে ১০০ নটিক্যাল মাইল করা হয়েছে। মালয়েশিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, সাগরে ভাসা তেলের স্তর ও কথিত ভগ্নাবশেষ পরীক্ষা করে দেখা গেছে, সেসব ওই বিমানের নয়। গত শুক্রবার মধ্যরাতে ২৩৯ জন আরোহী নিয়ে নিখোঁজ হয় ফ্লাইট এমএইচ ৩৭০। এর পাইলট কোনো বিপৎসংকেত বা বার্তা পাঠাননি।
কয়েকটি রহস্যময় দুর্ঘটনা: ২০০৯ সালে রিও ডি জেনিরো থেকে ২২৮ জন আরোহী নিয়ে প্যারিসে যাওয়ার পথে এয়ার ফ্রান্সের একটি এয়ারবাস হারিয়ে যায় আটলান্টিকে। তদন্ত প্রতিবেদনে বলা হয়, গতিমাপক যন্ত্রে বরফ জমে যাওয়ার কারণে অটো পাইলট-ব্যবস্থা নিষ্ক্রিয় হয়ে এ দুর্ঘটনা ঘটে। পরবর্তী কয়েক মাসে ৫০টি লাশ উদ্ধার করা হয়। প্রায় দুই বছর পর ২০১১ সালের মে মাসে পাওয়া যায় ব্ল্যাক বক্স (যাতে ফ্লাইটের সব তথ্য থাকে) ও ১০৪টি দেহাবশেষ।
১৯৯৯ সালের ৩১ অক্টোবর নিউইয়র্ক থেকে কায়রোগামী ইজিপ্ট এয়ারের ফ্লাইট ৯৯০-এর দুর্ঘটনাও এখনো রহস্যাবৃত। আটলান্টিকে বিধ্বস্ত হয় এটি। ব্ল্যাক বক্স থেকে জানা যায়, সহকারী পাইলট গামিল এল-বাতুতির সঙ্গে বিমানে থাকা ইজিপ্ট এয়ারের এক শীর্ষ কর্মকর্তার বাগিবতণ্ডা হয়েছিল। ওই কর্মকর্তা পাইলট বাতুতিকে বলেছিলেন, ‘এটা আপনার শেষ ফ্লাইট’। জবাবে বাতুতি বলেন, ‘এটা আপনারও শেষ ফ্লাইট।’ এর কিছু পরে পাইলট বাথরুমে গেলে বাতুতি বিমানটিকে সোজা নিচের দিকে নামিয়ে দেন। ব্ল্যাক বক্সের রেকর্ডে বাতুতিকে বলতে শোনা যায়, ‘আমি আল্লাহর ওপর ভরসা করি।’
ফ্লাইট ১৯ নামে খ্যাত এক ঘটনায় পাঁচটি প্রশিক্ষণ বিমানের হারিয়ে যাওয়ার ঘটনা বিশ্বজুড়ে আলোড়ন তোলা ‘বারমুডা ট্রায়াঙ্গল’ কাহিনির জন্ম দেয়। ১৯৪৫ সালের ৫ ডিসেম্বর ফ্লোরিডা থেকে যাত্রা শুরু করেছিল ওই বিমানগুলো। উড্ডয়নের দেড় ঘণ্টা পরে পাইলটরা জানান যে তাঁরা বিভ্রান্ত বোধ করছেন এবং নিচের কিছুই চিনতে পারছেন না। শেষ পর্যন্ত বিমানগুলো সাগরে বিধ্বস্ত হয়। এ দুর্ঘটনার রহস্য আজও উদ্ঘাটিত হয়নি।
আরেকটি রহস্যময় ঘটনার নায়িকা মার্কিন কৃতী নারী বৈমানিক অ্যামিলিয়া ইয়ারহার্ট। যুগে যুগে কল্পনাকে উসকে দিয়েছে তাঁর কাহিনি। বিশ্ব প্রদক্ষিণ করতে বেরিয়ে ১৯৩৭ সালের ২ জুলাই মধ্য প্রশান্ত মহাসাগরে হারিয়ে যান ইয়ারহার্ট। হাওল্যান্ড দ্বীপের আকাশে হারিয়ে যান তিনি। ইয়ারহার্টের অন্তর্ধান নিয়ে বিস্তর গবেষণা হয়। বেশির ভাগ গবেষকই মনে করেন, জ্বালানি ফুরিয়ে যাওয়ায় তাঁর বিমান সাগরে বিধ্বস্ত হয়। তবে মার্কিন গুপ্তচর সন্দেহে জাপানিদের হাতে আটক হওয়া থেকে শুরু করে ভিনগ্রহের বাসিন্দাদের হাতে বন্দী হওয়ার মতো বহু চমকপ্রদ গল্প চালু আছে ইয়ারহার্টকে নিয়ে। রয়টার্স, বিবিসি, এএফপি ও ডেইলি মিরর।