অরুণাচল প্রদেশে চীনের ‘অনুপ্রবেশের’ জবাবে গত মঙ্গলবার কাশ্মীরের লাদাখে সি-১৩০ জে সুপার হারকিউলিস বিমান পাঠিয়েছে ভারত। স্থানীয় লোকজনের বিবরণ অনুযায়ী, ১৩ আগস্ট চীনের সেনাবাহিনী পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) একদল সদস্য অরুণাচল প্রদেশের আনজাও এলাকায় প্রবেশ করেন। সেখানে অস্থায়ী তাঁবুতে তাঁরা তিন থেকে চার দিন অবস্থান করেন। ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে প্রথমে স্থানীয় বাসিন্দাদের এ কথা উড়িয়ে দেওয়া হলেও মঙ্গলবার তার সত্যতা নিশ্চিত করা হয়।ভারতের অরুণাচল প্রদেশের ওপর চীনের ভূখণ্ডগত দাবি রয়েছে। অরুণাচল প্রদেশের চেগ্লাগাম এলাকায় চীনের সেনারা প্রায়ই অনুপ্রবেশ করে বলে অভিযোগ রয়েছে। তবে এবারই প্রথম তারা কয়েক দিন অবস্থান করল। ভারতের একটি সি-১৩ জে সুপার হারকিউলিস বিমান গত মঙ্গলবার ভোরে লাদাখ এলাকার একটি বিমানঘাঁটিতে অবতরণ করে। বিশ্লেষকেরা একে চীনের প্রতি ভারতের এক কৌশলগত হুঁশিয়ারি হিসেবে দেখছেন। এদিকে সীমান্তে চীনের অনুপ্রবেশ বিষয়ে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাননি বলে জানিয়েছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর মেনন। যুক্তরাষ্ট্র সফর শেষে গতকাল ওয়াশিংটনে গণমাধ্যম কর্মীদের তিনি বলেন, ‘সার্বভৌমত্ব রক্ষায় ভারতের অন্য কারও সহযোগিতার দরকার নেই।’ এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া ও পিটিআই।