বিমান চলাচল উন্মুক্ত রাখতে ঐকমত্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আকাশপথে বিমান চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে গতকাল শনিবার দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের সঙ্গে ঐকমত্যে পৌঁছেছে জাপান। জাপানে জোটের এক বিশেষ শীর্ষ সম্মেলনে এ ঐকমত্য প্রতিষ্ঠিত হয়।
পূর্ব চীন সাগরে চীনের বিতর্কিত বিমান প্রতিরক্ষা অঞ্চল ঘোষণার পর এশীয় দেশগুলোর নেতাদের এটিই প্রথম বড় ধরনের সম্মেলন।
সম্মেলন শেষে এক ঘোষণায় বলা হয়, জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ও আসিয়ান নেতারা সম্মেলনে বিমান চলাচলের স্বাধীনতা এবং বেসামরিক বিমান পরিবহনব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে সম্মত হয়েছেন। জাপান ছাড়াও আসিয়ানভুক্ত চারটি দেশের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েছে চীন। আসিয়ানভুক্ত দেশ ও জাপানের মধ্যকার সম্পর্কের ৪০ বছর পূর্তি উপলক্ষে ওই বিশেষ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে প্রধানমন্ত্রী শিনজো আবে জোটের দেশগুলোকে পাঁচ বছরে দুই হাজার কোটি ডলার অর্থসহায়তা ও ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দেন।
এশিয়ার অন্যতম শক্তি চীন গত মাসে পূর্ব চীন সাগরে বিমান প্রতিরক্ষা অঞ্চল ঘোষণা করে। এ অঞ্চলের মধ্যে টোকিওনিয়ন্ত্রিত বিরোধপূর্ণ সেনকাকু দ্বীপের আকাশও রয়েছে। চীনে দ্বীপটি দিয়াউ নামে পরিচিত। বেইজিং একে নিজের বলে দাবি করে থাকে।
বিমান প্রতিরক্ষা অঞ্চল ঘোষণার পর চীন বলেছিল, এ অঞ্চলে যেকোনো বিমানের প্রবেশের আগে সংশ্লিষ্ট দেশকে বেইজিংয়ের কাছে ফ্লাইট পরিকল্পনা জমা দিতে হবে। চীনা কর্তৃপক্ষের জারি করা নির্দেশও মানতে হবে। তবে এ ঘোষণাকে এই অঞ্চলের দেশগুলো উসকানিমূলক আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করে। এএফপি।