বিমান চলাচলে নজিরবিহীন বিপর্যয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইসল্যান্ডের আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্ট ছাইয়ের মেঘ ইউরোপের আরও বিস্তীর্ণ অঞ্চলজুড়ে ছড়িয়ে পড়েছে। এতে করে পুরো ইউরোপের বিমান চলাচলব্যবস্থা আরও বিপর্যয়ের মধ্যে পড়েছে। ইউরোপের বেশির ভাগ বিমানবন্দর এখন বন্ধ। চার দিন ধরে এ অবস্থা চলতে থাকায় লাখ লাখ বিমানযাত্রী চরম ভোগান্তিতে পড়েছে। গত শুক্রবারই শুধু বাতিল হয়েছে ১৬ হাজার ফ্লাইট। প্রতিদিন বাতিল হচ্ছে হাজার হাজার ফ্লাইট।ইউরোপের ৩৮টি দেশের বিমান চলাচল নিয়ন্ত্রণকারী সংস্থা ‘ইউরোকন্ট্রোল’ জানিয়েছে, আগ্নেয়গিরির ছাই পূর্ব ও দক্ষিণ-পূর্ব দিকে ছড়িয়ে পড়ছে এবং বিমান চলাচলে আরও অচলাবস্থার সৃষ্টি হবে। ফ্লাইট বাতিলের কারণে বিমান কোম্পানিগুলোর প্রতিদিন লোকসান হচ্ছে প্রায় ২০০ কোটি মার্কিন ডলার।ছাইয়ের মেঘের কারণে যেসব দেশের আকাশপথ সম্পূর্ণ বন্ধ আছে, সেগুলো হলো যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, চেকপ্রজাতন্ত্র, ডেনমার্ক, বেলজিয়াম, নেদারল্যান্ড, ফিনল্যান্ড, এস্তোনিয়া, স্লোভাকিয়া, লাটভিয়া, হাঙ্গেরি, জার্মানি ও সুইজ্যারল্যান্ড। আংশিক বন্ধ আছে ইতালি, লিথুয়ানিয়া, সুইডেন, ফ্রান্স, পোল্যান্ড ও অস্ট্রিয়ার বিমানপথ।পরিস্থিতি আরও খারাপ হতে যাচ্ছে বলে সতর্ক করে যুক্তরাজ্য ও আয়ারল্যান্ড নতুন করে বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। যুক্তরাজ্যের ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিস জানিয়েছে, ‘আবহাওয়ার পূর্বাভাস থেকে দেখা যাচ্ছে, শনিবার পরিস্থিতির আরও অবনতি হবে।’ বাণিজ্যিক বিমান চলাচলের ওপর জারি করা নিষেধাজ্ঞা রোববার পর্যন্ত বাড়িয়েছে ব্রিটেন।আগ্নেয়গিরির ছাইয়ে বিমানের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আবহাওয়া অফিস থেকে সতর্ক করে দেওয়ার পর ইউরোপের অধিকাংশ দেশ বিমান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আগ্নেয়গিরির ছাই শুধু বৈমানিকের দৃষ্টি এলাকা কমিয়ে দেয় না, ওই ধোঁয়ায় যে পাথর, কাচের গুঁড়া ও বালু রয়েছে, তা বিমানের ইঞ্জিন অচল করে দিতে পারে।ইউরোপের দেশগুলোতে প্রতিদিন প্রায় ২৮ হাজার ফ্লাইট চলাচল করে। এর প্রায় দুই-তৃতীয়াংশ শুক্রবার বাতিল করা হয়।হিথ্রো, ফ্রাঙ্কফুর্ট ও শার্ল দ্য গল-এর মতো ইউরোপের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দরগুলো বন্ধ আছে। জার্মানির ১৬টি আন্তর্জাতিক বিমানবন্দরের সব কটি গতকাল বন্ধ ছিল। দেশটির জাতীয় বিমান সংস্থা লুফথানসা বিশ্বজুড়ে তাদের সব ফ্লাইট বাতিল করেছে। এয়ারলাইনসটির মুখপাত্র বলেন, ‘এমন পরিস্থিতি আগে কখনো হয়নি।’বেড়াতে ও কাজের প্রয়োজনে অন্য দেশে গিয়ে আটকা পড়েছে লাখ লাখ মানুষ। এ অবস্থায় ইউরোপের মানুষ এক দেশ থেকে অন্য দেশে যেতে বিমানের পরিবর্তে বিকল্প উপায়ে চলাচল করছে। এ কারণে সড়ক ও রেলপথের ওপর চাপ অনেক বেড়ে গেছে। এশিয়ায় আটকা পড়েছে ইউরোপের হাজার হাজার মানুষ। এশিয়া থেকে ইউরোপমুখী অনেক ফ্লাইট কয়েক দিন ধরে বন্ধ আছে। গত শুক্রবার বাতিল করা হয়েছিল ৬০টি ফ্লাইট। গতকাল শনিবার দুপুর পর্যন্ত বাতিল করা হয় কমপক্ষে ৪৫টি ফ্লাইট। আইসল্যান্ডের আইজাফজাল্লাজোয়েকুল আগ্নেয়গিরিটিতে গত বুধবার থেকে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। এর আগে গত ২০ মার্চ ওই আগ্নেয়গিরিতে অগ্ন্যুদিগরণ হয়। এবার আগ্নেয়গিরির জ্বালামুখের ব্যাস প্রায় আধাকিলোমিটার। ওই জ্বালামুখ দিয়ে নির্গত শিলা-ধোঁয়ার কুণ্ডলী আকাশে প্রায় ১১ কিলোমিটার পর্যন্ত উঠে যাচ্ছে। বাতাসের মাধ্যমে তা ছড়িয়ে পড়ছে ইউরোপের অনেকগুলো দেশজুড়ে। এএফপি ও বিবিসি।