বিমান চালনায় দক্ষ কেউ গতিপথ বদলে দেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিছুতেই মালয়েশিয়া এয়ারলাইনসের ফ্লাইট এমএইচ ৩৭০ রহস্যের কূলকিনারা হচ্ছে না। তবে উধাও হওয়ার ১১ দিন পর গতকাল মঙ্গলবার জোরালো ইঙ্গিত মিলেছে যে বিমান চালনায় দক্ষ কোনো ব্যক্তিই উড়োজাহাজটির গতিপথ বদলে দিয়েছিল। এ বিষয়টি এ পর্যন্ত স্পষ্ট ছিল না।
এদিকে বিমান নিখোঁজের নানা কারণ তদন্তে এবার যুক্ত হয়েছে এর ক্যাপ্টেন বা ফার্স্ট অফিসারের সম্ভাব্য আত্মহত্যার বিষয়টি।
জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে দ্য নিউইয়র্ক টাইমস পত্রিকা গতকাল জানিয়েছে, ম্যানুয়াল পদ্ধতির পরিবর্তে বিমানটির ককপিটে ক্যাপ্টেন ও ফার্স্ট অফিসারের মধ্যে হাঁটু বরাবর থাকা একটি কম্পিউটারের সাত-আটটি বোতাম চেপে কেউ এর গতিপথ পাল্টে দেন।
কোনো বড় উড়োজাহাজ উড্ডয়নের আগে এর ফ্লাইট পরিকল্পনায় গতিপথের প্রতিটি স্থানের নিখুঁত নির্দেশনা দেওয়া থাকে। তবে মালয়েশিয়া এয়ারলাইনসের বোয়িং বিমানটির ক্ষেত্রে গতিপথের নির্দেশনা উড্ডয়নের আগে না পরে পরিবর্তন করা হয়েছিল, তা পরিষ্কার নয়।
তদন্তকারীরা আগে থেকেই সন্দেহ করছিলেন, বিমানটিকে গতিপথ থেকে ইচ্ছাকৃতভাবে ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং এর সঙ্গে কোনো অসৎ উদ্দেশ্য জড়িত। ধারণাটি প্রথম প্রকাশ করেছিলেন মালয়েশীয় কর্মকর্তারা। তদন্তে এখন ক্যাপ্টেন ও ফার্স্ট অফিসারের দিকে আরও বেশি নজর দেওয়া হচ্ছে।
মার্কিন কর্মকর্তা ও বিমান চালনা বিশেষজ্ঞরা বলছেন, নিখোঁজ বিমানের পরিকল্পিত উড্ডয়ন ব্যবস্থাপনায় কোনো যাত্রী পরিবর্তন এনেছেন—এটি বিশ্বাস করা হবে এখন অস্বাভাবিক।
আত্মহত্যার সম্ভাবনাও বিবেচনায়: বিমান নিখোঁজের কারণ হিসেবে নানা বিষয়ের পাশাপাশি ফ্লাইটটির ক্যাপ্টেন বা ফার্স্ট অফিসারের আত্মহত্যার সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। মালয়েশিয়া এয়ারলাইনসের প্রধান নির্বাহী আহমাদ জাওহারি ইয়াহিয়ার বক্তব্য উদ্ধৃত করে রয়টার্স গতকাল এ খবর জানায়।
এ প্রসঙ্গে দেশটির ভারপ্রাপ্ত পরিবহনমন্ত্রী হিশামুদ্দিন হুসাইনও বলেন, পাইলট বা সহ-পাইলটের আত্মহত্যার বিষয়টি তদন্ত করা হচ্ছে। তবে এটি তদন্তের একটিমাত্র দিক।
অনশন শুরুর হুমকি স্বজনদের: বিবিসি গতকাল জানিয়েছে, বিমানের ১৫৩ চীনা আরোহীর স্বজনেরা অনশন শুরুর হুমকি দিয়েছেন। মালয়েশিয়ার কর্তৃপক্ষ বিমান ও যাত্রীদের ভাগ্য নিয়ে দ্রুত সঠিক তথ্য সরবরাহ করতে ব্যর্থ হলে তাঁরা এ অনশন শুরু করবেন। বিশেষ করে, চীনা আরোহীদের স্বজনরা দাবি করে আসছেন, তাঁদের ধারণা মালয়েশীয় কর্তৃপক্ষ তথ্য গোপন করছে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমও অনুসন্ধান অভিযানে মালয়েশিয়ার প্রচেষ্টা নিয়ে সমালোচনা করেছে।
বিবিসি আরও জানায়, চীন বলেছে ফ্লাইট এমএইচ ৩৭০-এর সন্ধানে তারা এখন নিজেদের ভূখণ্ডে অভিযান শুরু করেছে।
সিএনএন জানিয়েছে, সম্ভাব্য বিমান ছিনতাই বা সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে চীনা আরোহীদের সম্পৃক্ততার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে দেশটির সরকারি কর্তৃপক্ষ দাবি করেছে।
স্যাটেলাইট অনুসন্ধানে ৩০ লাখ লোক!: স্যাটেলাইট পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিজিটালগ্লোবের উদ্যোগে নিখোঁজ বিমানের অনুসন্ধানে একটি প্রকল্পে প্রায় ৩০ লাখ লোক যোগ দিয়েছেন বলে জানিয়েছে এএফপি।
প্রকাশিত খবর অনুযায়ী, ‘ক্রাউডসোর্সিং’ নামে পরিচিত সাধারণ মানুষের অংশগ্রহণে এ ধরনের অনুসন্ধানে এটাই হয়তো হবে এ পর্যন্ত সবচেয়ে বড় প্রকল্প।
ডিজিটালগ্লোব দাবি করেছে, তাদের অনুসন্ধান এলাকার আয়তন এখন ২৪ হাজার বর্গকিলোমিটার (৯ হাজার বর্গমাইল)। অনুসন্ধানে ভারত মহাসাগরের একটি নতুন এলাকাসহ প্রতিদিনই বিভিন্ন স্থানের নতুন সব ছবি যুক্ত করা হচ্ছে। গত ১১ মার্চ থেকে প্রকল্পটির কাজ শুরু হয়েছে। উচ্চপ্রযুক্তির পাঁচটি স্যাটেলাইট থেকে ধারণ করা ছবি পরীক্ষার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানাচ্ছে তারা।
৭ মার্চ মধ্যরাতে ২৩৯ জন আরোহী নিয়ে কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে উড্ডয়নের এক ঘণ্টা পর নিখোঁজ হয় বোয়িং ৭৭৭ বিমানটি। ভিয়েতনামের দক্ষিণ উপকূলের অদূরে থাকা অবস্থায় রহস্যজনকভাবে এটি নিখোঁজ হয়। বিমানটিকে খুঁজে বের করতে ২৬টি দেশের অংশগ্রহণে চলছে চিরুনি অভিযান।