বিমান টেনেছেন চোখের পাতায়
ভাবুন তো, কেউ একটি বিমান একাই টেনে নিচ্ছে। কী শক্তি আর সাহস থাকলেই না এ কাজটি সম্ভব। এবার ভাবুন, কেউ শুধু চোখের পাতা দিয়ে বিমানটি টেনে নিচ্ছে। একেবারে আষাঢ়ে গল্প বলে মনে হবে না? কিন্তু বাস্তবেই ঘটেছে এমন ঘটনা। এ অসম্ভবকে সম্ভব করেছেন এক চীনা নাগরিক। নাম তাঁর ডং চাংশেং। বয়স ৫০ বছর।চাংশেং সম্প্রতি তাঁর চোখের পাতার সঙ্গে আংটা বেঁধে এর সঙ্গে রশি কষে বিমানটি টেনে নিয়েছেন। টেনেছেন পাঁচ মিটার। চীনের জিলিন প্রদেশের চাংচুন আন্তর্জাতিক প্রদর্শনী কেন্দ্রে এ কীর্তির প্রদর্শন করেন চাংশেং। প্রায় আধা টন ওজনের বিমানটি পাঁচ মিটার টেনে নিতে তিনি সময় নিয়েছেন এক মিনিটেরও কম।মার্শাল আর্ট বিশেষজ্ঞ চাংশেং ৪০ বছর ধরে এ চর্চা করছেন। এ জন্য তিনি অসংখ্য পুরস্কার পেয়েছেন। এর আগে চোখের পাতা দিয়ে তিনি গাড়িও টেনেছেন। চাংশেং বলেন, ‘চোখের পাতা দিয়ে আমি গাড়িও টেনেছি। তবে এবারই প্রথম বিমান টানলাম।’ তিনি বলেন, ‘সত্যি কথা বলতে বিমানটি টানতে আমি সর্বোচ্চ শক্তি প্রয়োগ করিনি। পূর্ণ শক্তি ব্যয় করলে বিমানটি তিন গুণ দূরত্বে নিয়ে যেতে পারতাম।’ চাংশেং আরও বলেছেন, ‘এ কাজটি করতে আমি শারীরিকভাবে পরিপূর্ণভাবে প্রস্তুতি নিয়েছি। শরীরটা সেভাবেই তৈরি করেছি। তবে সাধারণ কারও জন্য এটি হবে খুবই ঝুঁকিপূর্ণ। আমি চাই না অন্য কেউ আমাকে অনুসরণ করুক।’ সূত্র: অরেঞ্জ।