হাইতির রাজধানী পোর্ট অ প্রিন্সে ভূমিকম্প-দুর্গতদের জন্য বিমান ও হেলিকপ্টার থেকে ত্রাণ ফেলা শুরু করেছে মার্কিন বাহিনী। রাজধানীর বাইরে দেশের অন্যান্য অংশেও ত্রাণ ও উদ্ধার তত্পরতা শুরু হয়েছে। তার পরও খাওয়ার পানির খোঁজে রাজধানী ছাড়ছে হাজার হাজার মানুষ। ভূমিকম্পের এক সপ্তাহের মধ্যে বিভিন্ন দেশ ও সংস্থার কাছ থেকে ২১ কোটি মার্কিন ডলারের ত্রাণ সাহায্য পেয়েছে হাইতি। ২০০৪ সালে ভারত মহাসাগর উপকূলে সুনামি আঘাত হানার পরও এত সাহায্য পাওয়া যায়নি। এখন দীর্ঘমেয়াদি পুনর্গঠনের দিকে নজর দেওয়ার জন্য দাতা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে হাইতি সরকার।মার্কিন বাহিনীর মুখপাত্র মেজর তানাইয়া ব্রাডশের জানান, গত সোমবার রাজধানী থেকে আট কিলোমিটার উত্তর-পূর্ব এলাকায় ত্রাণ ফেলা হয়েছে। ১৪ হাজার খাবারের প্যাকেট এবং ১৫ হাজার লিটার পানি ফেলেছে তারা। যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার পোপ এয়ার ফোর্স বেজ থেকে বিমানে করে খাবার এনে ফেলা হচ্ছে বলে তিনি জানান।মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস এর আগে বলেছিলেন, বিমান থেকে ত্রাণ ফেলা হলে তাতে ভালোর চেয়ে খারাপই হতে পারে বেশি। এতে করে সহিংসতা বেড়ে যেতে পারে। কিন্তু যোগাযোগব্যবস্থা ভেঙে পড়ায় বিমানবন্দর থেকে সড়কপথে ত্রাণ শহরের অন্যান্য অংশে পাঠানো যাচ্ছে না। কাজেই তারা এখন দেশের অন্যান্য অংশেও আকাশ থেকে খাবার ফেলার কথা ভাবছে।হাইতিতে এ মুহূর্তে ত্রাণ ও উদ্ধার তত্পরতা চালাচ্ছে এক হাজার মার্কিন সেনা। এ ছাড়া আরও দুই হাজার মেরিন সেনাকে শিগগির সেখানে পাঠানো হচ্ছে। এদের সঙ্গে থাকবে উদ্ধার ও ত্রাণ তত্পরতার জন্য ভারী যন্ত্রপাতি, ওষুধ, চিকিত্সা-সরঞ্জাম এবং অনেক হেলিকপ্টার।পোর্ট অ প্রিন্স থেকে বিবিসির সংবাদদাতা ডেভিড লয়ান জানান, মানুষজন ক্ষুব্ধ হওয়ায় এবং সহিংসতার কারণে শহরের কেন্দ্রস্থলে ত্রাণ বিতরণ করা এখন সবচেয়ে কঠিন হয়ে পড়েছে। ওই এলাকায় ত্রাণের ট্রাক নিয়ে যেতে হচ্ছে নিরাপত্তা টহল দিয়ে।মার্কিন নৌবাহিনীর কর্মকর্তা ওয়াল্টার ম্যাথিউস জানান, তাঁরা বুঝতে পারছেন, মানুষের মধ্যে ক্ষোভ আছে। তার পরও ত্রাণ-ব্যবস্থাপনায় উন্নতি হচ্ছে বলে তিনি জানান।সাবেক মার্কিন প্রেসিডেন্ট এবং হাইতিতে জাতিসংঘের বিশেষ দূত বিল ক্লিনটনও জানিয়েছেন, ত্রাণ বিতরণের ক্ষেত্রে মার্কিন বাহিনী এবং জাতিসংঘ শান্তিরক্ষীদের মধ্যে সমন্বয় এসেছে।গত সোমবার পোর্ট অ প্রিন্স সফরকালে তিনি সাংবাদিকদের বলেন, ‘জাতিসংঘ বাহিনী নিরাপত্তার বিষয়টি দেখছে এবং মার্কিন বাহিনী ত্রাণ বিতরণের পাশাপাশি অন্যান্য সহযোগিতাও দিচ্ছে।’এদিকে রাজধানীতে এখনো চলছে লুটপাট এবং সহিংসতা। যদিও জাতিসংঘ ত্রাণ সংস্থার প্রধান জন হোমস জানিয়েছেন, নিরাপত্তা নিয়ে খুব বেশি উদ্বেগের কিছু নেই। ছোটখাটো কিছু সহিংসতার ঘটনা ঘটলেও পরিস্থিতি সার্বিকভাবে শান্ত। হাইতিতে মার্কিন বাহিনীর নেতৃত্বদানকারী লে. জেনারেল কেন কিনও জানিয়েছেন, সহিংসতা কমে এসেছে।উদ্ধার ও ত্রাণকর্মীরাও এখন রাজধানীর বাইরে লিওগেন, গ্রেসিয়ার, পেটি গোয়াভে এবং উপকূলীয় শহর জ্যাকমেলসহ অন্যান্য এলাকায় কাজ শুরু করেছে।ধ্বংসস্তূপের নিচ থেকে এখন আর বলতে গেলে কাউকে জীবিত উদ্ধারের সম্ভাবনা নেই। তার পরও ৪৩টি উদ্ধারকারী দলে কাজ করছে এক হাজার ৭০০ উদ্ধারকর্মী। জাতিসংঘ কর্মকর্তারা জানিয়েছেন, গত কয়েক দিনে ৯০ জনের বেশি লোককে জীবিত উদ্ধার করা হয়েছে।মানুষ কিছু কিছু ত্রাণ পাওয়া শুরু করলেও তাদের জন্য এখন সবচেয়ে বেশি প্রয়োজন বিশুদ্ধ পানি। দাতা সংস্থা কেয়ারের কর্মকর্তা ব্রিয়ান ফিগানস বলেন, ‘খাবার ছাড়াও মানুষ কিছুদিন টিকে থাকতে পারবে, তবে আমাদের এখন সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত বিশুদ্ধ খাওয়ার পানি সরবরাহের ওপর, তা না হলে পানিবাহিত রোগ মহামারি আকার ধারণ করতে পারে।’রাজধানীতে ত্রাণ ও জ্বালানি ঘাটতির ফলে হাজার হাজার মানুষ এখন রাজধানী থেকে দেশের অন্যান্য অংশে চলে যাচ্ছে, সেখানে হয়তো খাবার পাওয়া যাবে এই আশায়। বাসে ওঠার জন্য মানুষ হাতাহাতি পর্যন্ত করছে। এই সুযোগে বাসগুলো দুই থেকে তিন গুণ বেশি ভাড়া আদায় করছে। এক বাসচালক বলেন, ‘হাজার হাজার মানুষ রাজধানী ছাড়ছে। আমি কখনো এমনটা দেখিনি, এমনকি বড়দিনের সময়ও এমনটা দেখা যায়নি।’হাইতির প্রেসিডেন্ট রেনি প্রিভাল এখন দীর্ঘমেয়াদি পুনর্বাসনের দিকে নজর দেওয়ার জন্য দাতা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। প্রেসিডেন্ট বলেন, ‘আমাদের শুধু ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠলেই হবে না, দেশের অর্থনৈতিক উন্নতি, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আবার দাঁড় করাতে হবে।’জাতিসংঘ মহাসচিব বান কি মুন সোমবার জানিয়েছেন, হাইতিতে আগামী ছয় মাসের জন্য জাতিসংঘ আরও দুই হাজার সেনা এবং দেড় হাজার পুলিশ মোতায়েনের প্রস্তাব দেবেন নিরাপত্তা পরিষদে।যুক্তরাষ্ট্র জানিয়েছে, হাইতিতে ভূমিকম্পে এতিম হয়ে যাওয়া শিশুদের দত্তক নিতে চাইলে যুক্তরাষ্ট্র তাদের বৈধভাবেই সে দেশে প্রবেশের সুযোগ দেবে। হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি জ্যানেট নেপোলিটানো এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন। এএফপি, বিবিসি অনলাইন।