বিমান বিধ্বস্ত হয়ে লাদেনের সৎমা ও বোন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যে ব্যক্তিগত উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে প্রয়াত আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনের সৎমা, বোন ও তাঁর স্বামী মারা গেছেন। প্রচারমাধ্যমের খবরে এ কথা বলা হয়েছে। লন্ডনের সৌদি দূতাবাস নিহতদের পরিচয় নিশ্চিত না করে শুধু বলেছে, বিমানটিতে বিন লাদেনের পরিবারের কয়েকজন সদস্য ছিলেন। খবর রয়টার্স ও গার্ডিয়ানের।
হ্যাম্পশায়ারের ব্ল্যাকবুশে বিমানবন্দরে অবতরণের সময় একটি গাড়ির নিলামস্থলের ওপর গত শুক্রবার ওই বিমানটি বিধ্বস্ত হয়। এতে জর্ডানি চালকসহ আরোহীদের সবাই মারা যান। বিমানটি ইতালির মিলান থেকে যুক্তরাজ্যে আসছিল।
দুবাইভিত্তিক সৌদি মালিকানাধীন আল অ্যারাবিয়া টিভির খবরে বলা হয়, নিহতেরা হচ্ছেন সানা মোহাম্মদ বিন লাদেন, তাঁর স্বামী জুহাইর হাশেম ও সানার মা রাজা হাশেম।
পুলিশ বলেছে, বিমানের পাইলট এবং তিনজন যাত্রীর সবাই মারা গেছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। উড়োজাহাজটি ব্রাজিলে এমব্রেয়ার ফেনম-৩০০ মডেলের।
যুক্তরাজ্যে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত প্রিন্স মোহাম্মদ বিন নওয়াফ আল সৌদ দূতাবাসের দাপ্তরিক টুইটার অ্যাকাউন্টে ওই দুর্ঘটনায় বিন লাদেনের আত্মীয় ও পরিবারের সদস্য মারা যাওয়ায় শোক প্রকাশ করেন।
ওসামা বিন লাদেন সৌদি আরবের ধনাঢ্য লাদেন পরিবারের সদস্য। সৌদি সরকারের রাজনৈতিক বিরোধী ওসামা জঙ্গি সংগঠন আল-কায়েদা প্রতিষ্ঠা করার একপর্যায়ে দেশত্যাগ করে আফগানিস্তানে আশ্রয় নিয়েছিলেন।