বিমান প্রতিরক্ষা অঞ্চল প্রতিষ্ঠা করছে চীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্ব চীন সাগরে জাপানের নিয়ন্ত্রণাধীন বিরোধপূর্ণ সেনকাকু বা দিয়াওউ দ্বীপ এলাকায় ‘বিমান প্রতিরক্ষা অঞ্চল’ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে বেইজিং। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল শনিবার এ ঘোষণা দিয়েছে। এতে দুই দেশের সীমানা নিয়ে বিরোধ আরও বাড়তে পারে।
চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, বিরোধপূর্ণ দ্বীপ এলাকায় প্রবেশকারী যেকোনো আকাশযানকে অবশ্যই কিছু নিয়মনীতি মেনে চলতে হবে। আর এসব নিয়ম লঙ্ঘন কিংবা আকাশযান শনাক্তকরণে অসহযোগিতা করলে প্রতিরক্ষামূলক জরুরি ব্যবস্থা নিতে চীনা সশস্ত্র বাহিনী বাধ্য হবে।
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া সামাজিক যোগাযোগের অনলাইন মাধ্যম টুইটারে পরিকল্পিত বিমান প্রতিরক্ষা অঞ্চলের একটি মানচিত্র প্রকাশ করেছে। এতে দক্ষিণ কোরিয়া ও জাপানের কিছু অংশসহ পূর্ব চীন সাগরের বিশাল অঞ্চলকে চীনের সীমানাভুক্ত দেখানো হয়। তাত্ক্ষণিকভাবে জাপানের তরফ থেকে এ ব্যাপারে কোনো বক্তব্য পাওয়া যায়নি। এএফপি ও বিবিসি।