বিমানঘাঁটিতে হামলা করেছে সিরীয় বিদ্রোহীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার বিদ্রোহীরা শুক্রবার দেশটির উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোর একটি বিমানঘাঁটিতে বড় ধরনের হামলা চালিয়েছে। তবে এ হামলা প্রতিহত করার দাবি করেছে সরকার। হামলা হয়েছে ইদলিব প্রদেশের অপর একটি বিমানঘাঁটিতেও। এদিকে দেশজুড়ে দুই পক্ষের লড়াইয়ে এ দিন প্রায় ১০০ জন নিহত হয়েছে বলে মানবাধিকারকর্মীরা জানিয়েছেন।সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে আলেপ্পোর রাসম আল-আব্বুদ বিমানঘাঁটিতে শুক্রবারের ওই হামলার ঘটনার কিছু দৃশ্য দেখানো হয়েছে। এতে বিদ্রোহীদের মেশিনগানসজ্জিত যানবাহন ও অন্যান্য অস্ত্রশস্ত্র নিরাপত্তা বাহিনীর সদস্যদের জব্দ করতে দেখা যায়। সাম্প্রতিক দিনগুলোতে যে কয়টি বিমানঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে এটি তার অন্যতম। বিদ্রোহীদের ওপর আক্রমণে স্থলবাহিনীকে সরকারের তরফে হেলিকপ্টার ও যুদ্ধবিমানের সহায়তা দেওয়া বন্ধের চেষ্টায় সরকারবিরোধী যোদ্ধারা এ ধরনের হামলা চালাচ্ছে।বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ও অন্যান্য মানবাধিকার সংগঠনের কর্মীদের বরাত দিয়ে আলেপ্পোর ওই বিমানঘাঁটিতে হামলায় সেনারা হতাহত হয়েছে বলে জানিয়েছে। ইদলিব প্রদেশের আবু জহুর বিমানঘাঁটিতেও দীর্ঘ সময় ধরে লড়াই চলছে বলে জানান কর্মীরা।এ ছাড়া সরকারবিরোধী সূত্রের উদ্ধৃতি দিয়ে দুবাইয়ের টেলিভিশন চ্যানেল আল-আরাবিয়া জানায়, বিদ্রোহীরা দেইর আল-জউর শহরের বিমানঘাঁটি দখল করেছে। তাদের হামলায় এই ঘাঁটির কমান্ডার নিহত ও অর্ধশত সেনাসদস্যকে আটক করা হয়েছে। মানবাধিকারকর্মীরা জানান, একই দিন দেশের বিভিন্ন স্থানে সেনাদের সঙ্গে বিদ্রোহীদের লড়াইয়ে প্রায় ১০০ জন নিহত হয়েছে। দুই পক্ষের মধ্যে তীব্র লড়াই চলছে আলেপ্পো, রাজধানী দামেস্কের উপকণ্ঠ ও অন্যান্য অংশে। সিরিয়ায় বিদেশি গণমাধ্যমকর্মীদের প্রবেশের ওপর কড়া বাধানিষেধ থাকায় নিহতের এই পরিসংখ্যান নিরপেক্ষ সূত্রে যাচাই করা সম্ভব হয়নি।লেবানন থেকে বিবিসির সংবাদদাতা জিম মুয়ের বলেন, আলেপ্পোর নিয়ন্ত্রণ গ্রহণ কিংবা দামেস্কের উপকণ্ঠের বিদ্রোহীনিয়ন্ত্রিত এলাকাগুলো নিজেদের আয়ত্তে আনতে সরকারি বাহিনী যে সক্ষম হচ্ছে, তেমন কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। ওদিকে সিরিয়ায় চলমান রক্তপাত বন্ধে সে দেশের সরকারকে প্রথমে ব্যবস্থা নেওয়া এবং শহরগুলো থেকে সেনা ও অস্ত্রশস্ত্র সরিয়ে নেওয়ার যে দাবি পশ্চিমা ও আরব দেশগুলো করছে তা অগ্রহণযোগ্য বলে রাশিয়া গতকাল শনিবার মন্তব্য করেছে। বিবিসি ও এএফপি।