বিমানটির সন্ধানে সবই করা হবে: টনি অ্যাবট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ ভারত মহাসাগরে স্যাটেলাইটে ধরা পড়া বস্তুর খোঁজে গতকাল অনুসন্ধান চালায় অস্ট্রেলীয় বিমান। ছবি:রয়টার্স।
দক্ষিণ ভারত মহাসাগরে স্যাটেলাইটে ধরা পড়া বস্তুর খোঁজে গতকাল অনুসন্ধান চালায় অস্ট্রেলীয় বিমান। ছবি:রয়টার্স।

মানুষের পক্ষে যা যা করা সম্ভব, মালয়েশীয় বিমানটি খুঁজে পাওয়ার ব্যাপারে সবই করা হবে। অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী টনি অ্যাবটের এ অঙ্গীকারকে সামনে রেখে দেশটির পক্ষ থেকে আজ শুক্রবার নতুন করে অনুসন্ধানের কাজ শুরু করা হবে।
আজ এএফপির খবরে জানানো হয়, অস্ট্রেলীয় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস প্রদানকারী কর্মকর্তারা বলেছেন, সাগরের যে এলাকায় অনুসন্ধানকাজ শুরু হবে, সেখানে আবহাওয়া ক্রমে অনুকূলে চলে আসছে। এটি বিমানটি অনুসন্ধানে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা যাচ্ছে।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে গতকাল রাতের মতো অনুসন্ধানকাজ স্থগিত করা হয়।
বিমানটি নিখোঁজ হওয়ার ১৩ দিন পর স্যাটেলাইটের চিত্রে সাগরে দুটি বস্তু ধরা পড়েছে, যা ফ্লাইট এমএইচ ৩৭০-এর ধ্বংসাবশেষ হতে পারে বলে মনে করা হচ্ছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবট গতকাল পার্লামেন্টে বলেন, ওই বস্তু নিখোঁজ বিমানটিরই ধ্বংসাবশেষ কি না, এ ব্যাপারে নিশ্চিত হতে জোর অনুসন্ধান চলছে।
পার্লামেন্টে প্রধানমন্ত্রীর এ ঘোষণার পর অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্রের চারটি বিমান পার্থের দুই হাজার ৫০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ভারত মহাসাগরে ২৩ হাজার বর্গকিলোমিটার এলাকাজুড়ে বিমানটির অনুসন্ধান চালিয়েছে।

নিচের দিকে মেঘ থাকায় ওই সব বিমান থেকে উল্লেখযোগ্য তেমন কিছু দেখা যায়নি। সাগরের ওই অংশে নরওয়ের একটি জাহাজও রয়েছে বলে জানানো হয়েছে।

অস্ট্রেলিয়ার বিমানবাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট ক্রিস বিরের বলেন, ‘আবহাওয়া তেমন ভালো না থাকায় আমরা তেমন কিছু দেখতে পারিনি।’ আবহাওয়া পরিস্থিতির উন্নতি হচ্ছে বলে এএফপিকে জানিয়েছে অস্ট্রেলিয়ার আবহাওয়া দপ্তর।

নিউজিল্যান্ডের এয়ার কমান্ডার মাইক ইয়ার্ডলে বলেন, ‘আমাদের ক্রুরা সাগর থেকে কিছু ধ্বংসাবশেষ তুলেছেন। তবে তা নিখোঁজ বিমানের নয়।’

২৩৯ জন যাত্রী নিয়ে ৭ মার্চ মধ্যরাতে কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে বিমানটি রহস্যজনকভাবে নিখোঁজ হয়। বিমানটির অনুসন্ধানে সাগরে ব্যাপক তল্লাশি চালানো হয়। ক্রমে অনুসন্ধানের আওতা বাড়িয়ে স্থল ও সমুদ্রসহ বেশ কয়েক লাখ বর্গমাইল এলাকায় ২৬টি দেশ তল্লাশি চালাতে থাকে। চীন, মালয়েশিয়াসহ বিশ্বজুড়ে মানুষ উদ্বেগ ও আগ্রহের সঙ্গে এ কার্যক্রমের দিকে চোখ রাখছে।