বিমানবন্দর দখলের দাবি সিরিয়ার বিদ্রোহীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাক সীমান্তবর্তী একটি বিমানবন্দর দখলে নেওয়ার দাবি করেছে সিরিয়ার বিদ্রোহীরা। বিমানবন্দরটি প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত বাহিনীর সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহূত হতো।এদিকে ফ্রান্স ঘোষণা দিয়েছে, সিরিয়ার নতুন বিরোধী জোট ন্যাশনাল কাউন্সিলের রাষ্ট্রদূতকে আমন্ত্রণ জানাবে তারা। ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ গত শনিবার এ ঘোষণা দেন। সিরীয় শিক্ষাবিদ মঞ্জুর মাখুসকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিরোধীরা।ফ্রান্সের এই সিদ্ধান্তকে ‘শত্রুভাবাপন্ন’ বলে উল্লেখ করেছে সিরীয় সরকার। দেশটির জাতীয় সংহতি মন্ত্রী আলী হায়দার গতকাল বলেন, ‘ফ্রান্স শত্রুজাতির মতো আচরণ করছে। ফ্রান্সের আচরণ দেখলে মনে হয়, তারা যেন তাদের পুরোনো দখলদারিত্বের সময়ে ফিরে যেতে চায়।’আলী হায়দার বর্তমানে তেহরানে অবস্থান করছেন। সিরীয় সরকার ও প্রেসিডেন্ট আসাদের প্রতি কিছুটা উদার মনোভাব রাখে—এমন বিরোধী দলগুলোর মধ্যে একটা মধ্যস্থতার চেষ্টা করছে ইরান। আলী হায়দার জানান, এই আলোচনায় সদ্য গঠিত বিরোধী জোটের কোনো প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়নি। তিনি বলেন, ‘যাঁরা আলোচনায় বিশ্বাসী, কেবল তাঁদেরই এখানে আমন্ত্রণ জানানো হয়েছে।’সংকট মোকাবিলায় ইরানের যেকোনো ধরনের ভূমিকা মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছে সিরিয়ার বিদ্রোহীরা। তারা বলেছে, আসাদ সরকারের প্রতি সমর্থন জানিয়ে ইরান তার বিশ্বাসযোগ্যতা হারিয়েছে।স্থানীয় সরকারবিরোধী কর্মী জিয়াদ আল-আমির দাবি করেন, ইরাক সীমান্তবর্তী দির আল-জোর প্রদেশের হামদান বিমানবন্দরে বিদ্রোহীরা হামলা চালালে কয়েকজন সেনা কর্মকর্তা পালিয়ে যান। তবে কিছু সেনাসদস্য সেখানে থেকে যাওয়ায় বিদ্রোহীদের সঙ্গে তাঁদের তুমুল লড়াই হয়। একপর্যায়ে বিমানবন্দরটি বিদ্রোহীদের দখলে আসে। তবে কোনো নিরপেক্ষ সূত্র থেকে বিদ্রোহীদের এই দাবির সত্যতা যাচাই করা যায়নি। বিবিসি ও এএফপি।