বিমানবন্দরে প্রিয়াঙ্কা বিশেষ সুবিধা পাবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিয়াঙ্কা গান্ধী
প্রিয়াঙ্কা গান্ধী

কংগ্রেসের চেয়ারপারসন সোনিয়া গান্ধীর মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী ও তাঁর স্বামী রবার্ট ভদ্র ভারতের বিমানবন্দরগুলোতে যে নিরাপত্তা-সুবিধা পেয়ে থাকেন, তা প্রত্যাহারের কোনো পরিকল্পনা সরকারের নেই৷ খবর পিটিআইয়ের৷
নিরাপত্তা-সুবিধার আওতায় প্রিয়াঙ্কা-রবার্ট দম্পতি একসঙ্গে ভ্রমণের ক্ষেত্রে বিমানবন্দরগুলোতে সাধারণ নিরাপত্তা তল্লাশি থেকে রেহাই পেয়ে থাকেন৷
সরকারের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘নিরাপত্তা-ঝুঁকির বিষয়টি মাথায় রেখে যেকোনো ব্যক্তিকেই নিরাপত্তা-সুবিধা দেওয়া হবে৷ পাশাপাশি গুরুতর হুমকির বিষয় বিবেচনায় গান্ধী পরিবারের সদস্যদের দেওয়া নিরাপত্তা-সুবিধা অব্যাহত রাখা হবে৷ এসব ব্যক্তির নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে সংস্থাগুলোকে কিছু প্রটোকল অনুসরণ করতে হয়৷ নিরাপত্তা-সুবিধার মতোই এই প্রটোকলও পরিবর্তন করা হবে না৷’
এই মুহূর্তে প্রিয়াঙ্কা গান্ধী স্পেশাল প্রটেকশন গ্রুপের (এসপিজি) নিরাপত্তা-সুবিধা পাওয়া ব্যক্তিদের একজন৷ এই সুবিধার কারণে তাঁকে বিমানবন্দরে সাধারণ নিরাপত্তা তল্লাশির মুখে পড়তে হয় না৷ তবে একাকী চলাচলের ক্ষেত্রে বিমানবন্দরে রবার্ট ভদ্রকে তল্লাশির মুখে পড়তে হয়৷ তিনি স্ত্রী প্রিয়াঙ্কা বা এসপিজির নিরাপত্তা-সুবিধা লাভকারী অন্য কোনো ব্যক্তির সঙ্গে চলাচলে এ রকম তল্লাশি থেকে বাদ যান৷
রবার্ট ভদ্রকে দেওয়া ওই সুবিধা প্রত্যাহারের কথা বিবেচনা করছে সরকার—গণমাধ্যমে সম্প্রতি এমন খবর বের হলে প্রিয়াঙ্কা এসপিজির প্রধান দুর্গা প্রসাদকে একটি চিঠি লেখেন৷ তাতে তিনি পরিবার ও তাঁকে দেওয়া সুবিধা প্রত্যাহারের অনুরোধ জানান৷