এবারের বড়দিনটি ইউরোপের বহু মানুষকে বিমানবন্দর বা রেলস্টেশনে কাটাতে হয়েছে। ভারী তুষারপাতের কারণে বিভিন্ন দেশে যোগাযোগব্যবস্থা ব্যাহত হওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়। প্রতিকূল আবহাওয়ার কারণে শুধু ফ্রান্সের রাজধানী প্যারিসে রসি বিমানবন্দরে বড়দিনের শত শত ফ্লাইট বাতিল করতে হয়। অনেক ফ্লাইট ছাড়ে নির্ধারিত সময়েরও অনেক পরে। ফলে গতকাল শনিবার হাজার হাজার যাত্রী সেখানে আটকা পড়ে।তুষারপাতের কারণে বেলজিয়াম ও জার্মানিতে সড়ক যোগাযোগব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। নতুন করে শুরু হওয়া তুষারপাতে ইউরোপের পশ্চিমাঞ্চলে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।প্যারিসের রসি বিমানবন্দরের পরিচালক প্যাট্রিস হার্ডেল বলেন, এই বিমানবন্দরে যাতায়াতকারী অন্তত ৪০০টি ফ্লাইটের সময়সূচি এলোমেলো হয়ে গেছে। এসব ফ্লাইটের মধ্যে কিছু বাতিল হয় এবং কিছু নির্ধারিত সময়ের পর চলাচলা করে। ফলে অন্তত ৩০ হাজার যাত্রী দুর্ভোগ পোহায়। বিমানবন্দর পরিচালনার দায়িত্ব পাওয়া প্রতিষ্ঠানের প্রধান পিয়ের গ্রাফ বলেন, ‘আমরা এর আগে কখনোই এমন পরিস্থিতির মুখোমুখি হইনি।’ তিনি বলেন, এবারের তুষারপাত ও ঠান্ডা আবহাওয়া অন্যবারের চেয়ে আলাদা।বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের একজন মুখপাত্র জানান, প্রতিকূল আবহাওয়ার কারণে গত শুক্রবার বিমানবন্দরের ৪০০টি ফ্লাইটই বাতিল করা হয়। শনিবার দিনের শেষে আবহাওয়া পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে বলে আশা করা হচ্ছিল। কিন্তু এরই মধ্যে বিমানবন্দরে আটকা পড়ে হাজার হাজার যাত্রীর বড়দিনের আনন্দ মাটি হয়ে গেছে। তবে বিমানবন্দরের আশপাশের এলাকার যাত্রীরা নিজ বাড়িতে ফিরে যায়। দূরের যাত্রীরা প্যারিসের বিভিন্ন আবাসিক হোটেলে অবস্থান নেয়। তাদের অনেকের হোটেলভাড়া অবশ্য সংশ্লিষ্ট বিমান সংস্থা বহন করে। তবে গতকাল সকালে বিমানবন্দরে অন্তত ২০০ জন যাত্রীকে অবস্থান করতে দেখা যায়।বড়দিনের আগের দিন মধ্যরাতের আগে ফ্রান্সের জুনিয়র পরিবহনমন্ত্রী থিয়েরি মারিয়ানি বিমানবন্দর পরিদর্শন করেন। আগের দিন বিমানবন্দরে যান দেশটির পরিবহনমন্ত্রী নাথালি কোসিউস্কো মোরিজেট। তাঁরা আটকা পড়া যাত্রীদের সঙ্গে কথা বলেন।তুষারপাতের কারণে বেলজিয়ামে রেলযোগাযোগ বিপর্যস্ত হয়ে পড়েছে। রেল-কর্মীরা চেষ্টা করেও পরিস্থিতি স্বাভাবিক করতে পারছেন না। বেলজিয়ামের ব্রাসেলসে দেশটির প্রধান বিমানবন্দরের একটিমাত্র রানওয়ে সচল রয়েছে। এ কারণে বিভিন্ন ফ্লাইট নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে উঠানামা করছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের জন্য বিছানা সরবরাহ করেছে।জার্মানিজুড়ে আরও বেশি তুষারপাতের আশঙ্কা করা হচ্ছে। দেশটির রেলওয়ে বিভাগ জানায়, প্রতিকূল পরিবেশের কারণে হ্যানোভার ও বার্লিনের মধ্যে রেলযোগাযোগ বন্ধ হয়ে গেছে। একই কারণে ডুসেলডর্ফ বিমানবন্দর গত শুক্রবার সকালে বন্ধ করে দেওয়া হয়। পরে বিকেলে অবশ্য তা খুলে দেওয়া হয়।ব্রিটেন, ডেনমার্ক ও আয়ারল্যান্ডেও তুষারপাতের কারণে যোগাযোগব্যবস্থা ব্যাহত হয়। এএফপি।