বিমানবাহিনীর প্রথম নারী পাইলটদের সম্মান জানাল যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে সেই ১৯৪৫ সালে। ৬৫ বছর পর গত বুধবার ওই সময়কার মার্কিন বিমানবাহিনীর ৮০ থেকে ৯০ বছর বয়সী ১৭০ জন নারী পাইলটকে স্বর্ণপদক দিয়ে সম্মান জানাল সে দেশের সরকার।এক হাজার ১০২ জন নারী উইমেন এয়ারফোর্স সার্ভিস পাইলটে (ডব্লিউএএসপি) যোগ দিয়ে ১৯৪২ থেকে ১৯৪৪ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে যুদ্ধবিমান চালিয়েছেন। যুদ্ধক্ষেত্রে যাওয়া তাঁদের মিশন ছিল না। তাঁরা এক ঘাঁটি থেকে আরেক ঘাঁটিতে বিমান চালিয়েছেন। উড়িয়েছেন পরীক্ষামূলক বিমান, যা বিমান মেরামত ও প্রশিক্ষণে সহায়তা করত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ৩৮ জন নারী পাইলট নিহত হয়েছেন; কিন্তু কখনো কোনো সামরিক সম্মান পাননি তাঁরা। তাঁদের ভূমিকার কোনো স্বীকৃতি দেওয়া ছাড়াই জোর করে বেসামরিক জীবনে পাঠানো হয় তাঁদের। স্থগিত করা হয় ডব্লিউএএসপির কর্মসূচি। এর মধ্যে শুধু ১৯৭৭ সালে ডব্লিউএএসপির সদস্যদের যোদ্ধার সম্মান দেওয়া হয়। বর্তমানে ৩০০-এর কিছু কম ডব্লিউএএসপির নারীসদস্য বেঁচে আছেন।ডব্লিউএএসপির কৃতী নারী সদস্যদের সম্মাননা জানাতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ২০০৯ সালের ১ জুলাই তাঁদের ‘কংগ্রেশনাল গোল্ড মেডেল’ দেওয়ার ব্যাপারে সই করেন। প্রায় আট মাস পর বুধবার ওয়াশিংটনে এক অনুষ্ঠানে ডব্লিউএএসপির ১৭০ জন কৃতী নারীকে কংগ্রেশনাল গোল্ড মেডেল দেওয়া হয়। এ সময় তাঁদের সঙ্গে পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। তবে অনেকে অসুস্থ থাকায় বা স্বর্ণপদক গ্রহণ করতে রাজি না হওয়ায় অনুষ্ঠানে নিজে বা তাঁদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন না।অনুষ্ঠানে হাউস অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার ন্যান্সি পেলোসি বলেন, ‘আমরা জানি যে দীর্ঘদিন ধরে ডব্লিউএএসপির গর্বিত সেবাকে কোনো কথা বা কাজ দিয়ে স্বীকৃতি দেওয়া হয়নি। আজকের প্রস্তাবে বলা হয়েছে, কোনো সম্মান, সুবিধা নয়, আপনাদের অনেক ধন্যবাদ।’ পেলোসি আরও বলেন, ‘আমরা সবাই আপনাদের মেয়ে। কীভাবে উড়তে হয়, তা আপনারা শিখিয়েছেন। আমরা আপনাদের ধন্যবাদ জানাই।’সাউথ ক্যারোলাইনার ৮৯ বছর বয়সী লোইস ন্যাশ বলেন, এটা ছিল বিস্ময়কর। মাত্র ২২ বছর বয়সে ডব্লিউএএসপিতে যোগ দেন ন্যাশ। তিনি বলেন, ‘এত বছর পর আমাদের এমন সম্মান দেওয়া হবে ভাবিনি!’ এএফপি।