বিমানে জন্ম, পুরস্কার ১০ লাখ মাইল ভ্রমণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

অনেক মা-বাবা আশা করেন যে তাঁদের সন্তান জীবনে অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবে। সম্প্রতি বিমানে জন্ম নেওয়া একটি শিশুর জন্য আকাশের সীমানাটা যেন সত্যিই তাই হয়ে গেল। পৃথিবীর প্রথম আলো দেখা মিলতেই আকাশে ১০ লাখ মাইল পথ ভ্রমণের সুযোগ পেয়েছে সদ্যোজাত এক শিশুকন্যা। এনডিটিভি ও ফক্স নিউজের খবরে এমনটাই বলা হয়েছে।

৩২ বছর বয়সী মা সেবু প্যাসিফিক এয়ারের একটি ফ্লাইটে ১৪ আগস্ট দুবাই থেকে ফিলিপাইনের ম্যানিলা যাচ্ছিলেন। বিমানের যাত্রা শুরু চার ঘণ্টার মাথায় প্রসবব্যথা শুরু হলে পথেই জন্ম নেয় একটি শিশু। ওই মায়ের ভাগ্য ভালোই বলতে হবে, কারণ বিমানে দুজন নার্সের দেখা মিলেছে। বিমানে সন্তানের জন্মের পরপরই বিমানকে জরুরিভাবে ভারতের হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নামানো হয়। পাঁচ সপ্তাহ পরে জন্ম নেওয়ার কথা ছিল শিশুটির।

মাঝ আকাশে সন্তান জন্মে আনন্দে আত্মহারা মা। মায়ের সঙ্গে নবজাতকের একটি ছবি ফেসবুকে দেওয়া হয়। ছবি দেওয়ামাত্রই তা ভাইরাল হয়ে যায়। ওই শিশুটির নাম রাখা হয়েছে স্বর্গ। বিমানে জন্ম হওয়ায় একটি বিশেষ উপহার পেয়েছে সে। ওই বিমান সংস্থা নবজাতককে পুরস্কার হিসেবে দিয়েছে ১০ লাখ মাইল পথ ভ্রমণের সুযোগ।

সেবু প্যাসিফিক এয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা ল্যান্স গোকোনি বলেন, ‘স্বর্গ আমাদের বিমান সংস্থা থেকে পুরস্কার পাবে। আর তা হলো ১০ লাখ মাইল পথ ভ্রমণ করতে পারবে সে।’

নবজাতকের মা জানিয়েছেন, অক্টোবর মাসে তাঁর সন্তান প্রসবের কথা ছিল। কিন্তু আচমকাই প্রসবব্যথা শুরু হয়ে যায়। বিমানযাত্রীদের মধ্যে থাকা দুই নার্সের সহযোগিতায় কন্যাশিশুর জন্ম হয়।

ওই নবজাতকের মায়ের পাশেই সিটেই বসেছিলেন উমানডাল। তিনি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন, ‘এটা শুধু সিনেমায় ঘটে থাকে এবং আমরা ভাগ্যবান যে এই অলৌকিক ঘটনার প্রত্যক্ষ সাক্ষী। আমরা শুধু মৃদু চিৎকার শুনলাম। এর কয়েক সেকেন্ড পরেই আমরা সদ্য জন্ম নেওয়া সুন্দর একটি শিশুকে দেখলাম।’