বিমানে যাত্রীর মাতলামি, ছিনতাই-আতঙ্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভার্জিন অস্ট্রেলিয়া এয়ারলাইনসের একটি উড়োজাহাজের যাত্রীদের মধ্যে গতকাল শুক্রবার বিমান ছিনতাইয়ের আতঙ্ক ছড়িয়ে পড়ে। এক মাতাল যাত্রী পাইলটের কক্ষে (ককপিট) ঢোকার চেষ্টা করায় যাত্রীরা এ আতঙ্কের মধ্যে পড়েন। পরে অবশ্য উড়োজাহাজটি নিরাপদেই ইন্দোনেশিয়ার বালি বিমানবন্দরে অবতরণ করে।
ইন্দোনেশিয়ার জাতীয় পুলিশের মুখপাত্র সুহার্দি আলিয়াস বলেন, ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজন যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। বিশৃঙ্খলা তৈরির অভিযোগে তাঁকে উড়োজাহাজের কর্মীরা (ক্রু) আগেই হাতকড়া পরিয়েছিলেন। যাত্রীদের সবাইকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
ভার্জিন অস্ট্রেলিয়ার কর্মকর্তা হেরু সুজাতমিকো বলেন, উড়োজাহাজটি অস্ট্রেলিয়ার ব্রিসবেন থেকে রওনা হয়েছিল। এটি কোনো ছিনতাইয়ের ঘটনা নয়, ছিল যোগাযোগের ঘাটতি। অতিরিক্ত অ্যালকোহলের প্রভাবে একজন যাত্রী আগ্রাসী আচরণ করেছেন। তাঁকে গ্রেপ্তারকরা হয়েছে।
উড়োজাহাজটি অবতরণের পরপরই সেটি উদ্ধারের জন্য ইন্দোনেশিয়ার বিমানবাহিনী ছুটে যায়। কারণ, উড়োজাহাজটি ছিনতাই হয়েছে বলে তাদের কাছে তথ্য সরবরাহ করা হয়েছিল। কিন্তু ভার্জিন অস্ট্রেলিয়ার একাধিক মুখপাত্র পরে জানান, ব্যাপারটি ছিল নিছকই ভুল-বোঝাবুঝি। একজন অবাধ্য যাত্রীকেই ছিনতাইকারী বলে ধরে নেওয়া হয়েছিল। এএফপি ও বিবিসি।