বিমানে হামলার জন্য ইয়েমেনে আরও ২০ জন প্রশিক্ষণ নিচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রগামী যাত্রীবাহী বিমানে আত্মঘাতী হামলার চেষ্টাকারী নাইজেরীয় যুবক ওমর ফারুক আবদুল মুতালিব বলেছেন, একই ধরনের হামলার জন্য ইয়েমেনে আরও অন্তত ২০ জন যুবক প্রশিক্ষণ নিচ্ছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই ও অন্যান্য গোয়েন্দা সংস্থার জিজ্ঞাসাবাদে তিনি এ তথ্য দিয়েছেন। মার্কিন টেলিভিশন চ্যানেল সিবিএস গত শুক্রবার এ কথা জানিয়েছে। এদিকে গত শুক্রবার প্রথমবারের মতো ওমরকে আদালতে হাজির করা হয়। আদালতে সংক্ষিপ্ত শুনানিকালে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন। অন্যদিকে গত বছরের সেপ্টেম্বরে নিউইয়র্কে সম্ভাব্য বোমা হামলার পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। খবর এএফপি, পিটিআই ও এনডিটিভির। সিবিএস টিভি ব্রিটিশ গোয়েন্দা কর্মকর্তাদের বরাত দিয়ে জানায়, জিজ্ঞাসাবাদের সময় নাইজেরীয় যুবক ওমর দম্ভোক্তি করে বলেন, তাঁর মতো একই কৌশলে বিমানে হামলার জন্য ইয়েমেনে আরও প্রায় ২০ জন যুবক প্রস্তুতি নিচ্ছে। মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা জানান, জিজ্ঞাসাবাদে ওমর এর বাইরেও অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছেন। শুক্রবার কড়া নিরাপত্তার মধ্যে ওমরকে আদালতে হাজির করা হয়। আদালতে মাত্র কয়েক মিনিটের শুনানিকালে ওমর নিজেকে নির্দোষ দাবি করেন। গত ২৫ ডিসেম্বর নেদারল্যান্ডের আমস্টারডাম থেকে যুক্তরাষ্ট্রের ডেট্রয়টগামী একটি বিমানে বিস্ফোরণ ঘটিয়ে আত্মঘাতী হামলা চালানোর চেষ্টা চালান ওমর। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে ছয়টি অভিযোগ আনা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে তাঁর। এফবিআই শুক্রবার সকালের দিকে নিউইয়র্কে দুজন সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করে। গত বছরের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার বার্ষিকীতে নিউইয়র্কে সম্ভাব্য বোমা হামলার পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা একজন আফগান প্রবাসীর ঘনিষ্ঠ সহযোগী বলে সংস্থাটি দাবি করেছে। গ্রেপ্তারের পর ট্যাক্সিচালক জারাইন আহমেদজাইকে ব্রুকলিনের একটি আদালতে হাজির করা হয়। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি এফবিআইকে মিথ্যা তথ্য দিয়েছেন। তবে গ্রেপ্তার হওয়া অপর ব্যক্তি বসনিয়া-প্রবাসী আদিস মেদুনজানিনের বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছে, তাত্ক্ষণিকভাবে তা জানানো হয়নি। দুজনকেই আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মার্কিন আইনপ্রয়োগকারী সংস্থার সঙ্গে জড়িত একটি সূত্র বলেছে, গ্রেপ্তার হওয়া উভয় ব্যক্তি আফগান নাগরিক নাজিবুল্লাহ জাজির সহযোগী। জাজির বিরুদ্ধে অভিযোগ, তিনি পাকিস্তানে আল-কায়েদার সঙ্গে প্রশিক্ষণ নিয়েছেন। এ ছাড়া গত বছর যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার বার্ষিকীতে নিউইয়র্কে বোমা হামলার পরিকল্পনা করেছিলেন তিনি। সন্ত্রাসী রাষ্ট্রের তালিকা থেকে বাদ দিতে হবে: নাইজেরিয়ানাইজেরিয়ার সিনেট সে দেশকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে সময়সীমা বেঁধে দিয়েছে। তারা বলেছে, এক সপ্তাহের মধ্যে সন্ত্রাসী রাষ্ট্রের তালিকা থেকে নাইজেরিয়াকে বাদ না দিলে ওয়াশিংটনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে দেওয়া হতে পারে।পশ্চিম আফ্রিকার এ দেশটিকে যুক্তরাষ্ট্র সন্ত্রাসী রাষ্ট্রের কালো তালিকায় অন্তর্ভুক্ত করেছে। পাশাপাশি ওয়াশিংটন ঘোষণা করেছে, যুক্তরাষ্ট্রের বিমানবন্দর হয়ে যাতায়াতের সময় নাইজেরিয়ার সব নাগরিককে অতিরিক্ত তল্লাশি করা হবে। সিনেটের মুখপাত্র অ্যানিয়াগু ইজ বলেছেন, এক সপ্তাহের মধ্যে সন্ত্রাসী রাষ্ট্রের তালিকা থেকে নাইজেরিয়াকে বাদ না দিলে এর বিরুদ্ধে ‘যথোপযুক্ত পদক্ষেপ’ নেওয়া হবে। তিনি বলেন, বড়দিনে মার্কিন বিমানে সন্ত্রাসী হামলার ব্যাপারে আগেভাগে জানতে না পারার জন্য মার্কিন গোয়েন্দারাই দায়ী।