বিমানের কেউ যোগাযোগ বন্ধ করেছেন: প্রধানমন্ত্রী
নিখোঁজ হওয়া মালয়েশীয় বিমানটির যোগাযোগ ব্যবস্থা পরিকল্পিতভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল দাবি করে দেশটির প্রধানমন্ত্রী নাজিব রাজাক বলেছেন, বিমানে থাকা কেউ এ কাজ করেছেন। বিবিসি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, আজ শনিবার এ দাবি করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
নাজিব রাজাক বলেন, স্যাটেলাইট ও রাডার থেকে পাওয়া নতুন তথ্য-প্রমাণে প্রতীয়মান হচ্ছে যে, বিমানটির যোগাযোগ ব্যবস্থা পরিকল্পিতভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। বিমানে থাকা কেউ এ কাজ করেছেন। এর ফলে তদন্ত কাজ একটি নতুন মোড় নিয়েছে। তদন্তে বিমানে থাকা যাত্রী ও চালকদের বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।
মালয়েশিয়া এয়ারলাইনসের বোয়িং-৭৭৭ বিমানটি ১৪টি দেশের ২৩৯ জন আরোহী নিয়ে কুয়ালালামপুর থেকে বেইজিংয়ে যাওয়ার পথে গত ৭ মার্চ দিবাগত রাতে নিখোঁজ হয়। উড্ডয়নের প্রায় এক ঘণ্টা পর দক্ষিণ চীন সাগরের ওপর উড়োজাহাজটির সর্বশেষ অবস্থান রাডারে ধরা পড়ে।
সাত দিন পেরিয়ে গেলেও মালয়েশিয়ার নিখোঁজ বিমানটির হদিস মেলেনি। ফ্লাইট এমএইচ৩৭০ নিখোঁজ হওয়ার পর থেকেই এর সম্পর্কে একের পর এক তথ্য দেওয়া হয়েছে। কোনো না কোনো পক্ষ আবার এর সত্যতা নাকচ করেছে।
মার্কিন কর্মকর্তাদের সর্বশেষ তথ্য, বিমানটির যোগাযোগের দুটি ব্যবস্থা ১৪ মিনিটের ব্যবধানে একে একে বন্ধ হয়ে যায়। দৃশ্যত এগুলো পরিকল্পিতভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। এতে মনে হচ্ছে, আকস্মিক কোনো বিপর্যয় বা দুর্ঘটনায় বিমানটি যোগাযোগ বন্ধ করে দেয়নি।
তদন্তকারীরা বলছেন, ৭ মার্চ দিবাগত রাত একটা সাত মিনিটে বিমানের ‘ডেটা রিপোর্টিং সিস্টেম’ এবং একটা ২১ মিনিটে ট্রান্সপন্ডার (বেতারবার্তা পাঠানোর যন্ত্র) বন্ধ হয়ে যায়। পাইলট মালয়েশিয়ার এয়ার ট্রাফিক কন্ট্রোলকে ‘সব ঠিক আছে, শুভ রাত্রি’ বলার পরপরই ট্রান্সপন্ডার বন্ধ হয়ে যায়। সেটাই বিমানটির শেষ যোগাযোগ।
মার্কিন তদন্তকারীরা বলছেন, দুটি যোগাযোগব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ার পরও উড়োজাহাজটি পাঁচ ঘণ্টা ধরে কয়েকটি ব্রিটিশ স্যাটেলাইটে সিগন্যাল পাঠিয়ে যায়। বন্ধ মোবাইল ফোনসেট যেমন সিগন্যাল পাঠাতে পারে, এটি তেমনই।
ওয়াল স্ট্রিট জার্নাল পত্রিকা লিখেছে, উড়োজাহাজটির স্যাটেলাইটে পাঠানো সিগন্যাল থেকে ‘হারিয়ে যাওয়ার পরও’ অন্তত পাঁচ ঘণ্টা ধরে এর অবস্থান, গতি ও উচ্চতার তথ্য পাওয়া গেছে। শেষ সিগন্যালের সময়ও বিমানটি স্বাভাবিক উচ্চতায়—সাগর থেকে ৩৫ হাজার ফুট ওপরে ছিল।
মার্কিন কর্মকর্তারা শেষ সিগন্যাল পাঠানোর সময় বিমানটির অবস্থান কোথায় ছিল বলতে রাজি হননি। তাঁরা স্বীকার করেছেন, সিগন্যাল বন্ধের কারণ তাঁদের জানা নেই।