বিমানের ধ্বংসাবশেষ বঙ্গোপসাগরে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ অনুসন্ধানে ভারত মহাসাগরে মিনি সাবমেরিন ব্যবহার করেও কোনো সফলতা আসেনি। ছবি: এএফপি
নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ অনুসন্ধানে ভারত মহাসাগরে মিনি সাবমেরিন ব্যবহার করেও কোনো সফলতা আসেনি। ছবি: এএফপি

মালয়েশিয়ার নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ বঙ্গোপসাগরে পাওয়ার দাবি করেছে অস্ট্রেলিয়ার একটি অনুসন্ধান কোম্পানি। এর আগে একাধিকবার বিমানটির ধ্বংসাবশেষ পাওয়ার দাবি করে বিভিন্ন পক্ষ। কিন্তু শেষ পর্যন্ত দাবিগুলো ভুল প্রমাণিত হয়।

আজ মঙ্গলবার বার্তা সংস্থা পিটিআই প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, গতকাল সোমবার ‘জিওরেজোন্যান্স’ নামের অস্ট্রেলিয়ার একটি অনুসন্ধান কোম্পানি নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ বঙ্গোপসাগরে পাওয়ার দাবি করেছে।
জিওরেজোন্যান্সের এই দাবির বরাতে মালয়েশিয়ার স্টার পত্রিকা আজ একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনটি খতিয়ে দেখার কথা জানিয়েছে মালয়েশিয়ার কর্তৃপক্ষ।

অনুসন্ধান কোম্পানিটির দাবি, মালয়েশিয়ান এয়ারলাইনসের ফ্লাইট এমএইচ৩৭০ নিখোঁজ হওয়ার পর ১০ মার্চ থেকে তারা নিজস্ব অনুসন্ধান কাজ শুরু করে। সর্বশেষ অগ্রগতি হলো বঙ্গোপসাগরে বিমানটির সম্ভাব্য ধ্বংসাবশেষ চিহ্নিত করেছে তারা। ভারত মহাসাগরে বর্তমান অনুসন্ধান এলাকায় থেকে বঙ্গোপসাগরের সম্ভাব্য এলাকাটির দূরত্ব পাঁচ হাজার কিলোমিটার।

জিওরেজোন্যান্সের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃত্রিম উপগ্রহ ও বিমান থেকে পাওয়া ছবি ব্যবহার করে অনুসন্ধান চালানো হচ্ছে। তথ্য বিশ্লেষণে ২০টির অধিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।

কোম্পানির মুখপাত্র ডেভিড পোপ জানিয়েছেন, বিমান নিখোঁজের তিন দিন আগে ৫ মার্চের ছবির সঙ্গে তাঁদের চিহ্নিত ছবিগুলোর তুলনা করা হয়েছে। পুরোনো ছবিগুলোতে ধ্বংসাবশেষের কোনো চিহ্ন দেখা যায়নি।

এমন প্রেক্ষাপটে পোপ বলেন, ‘আমরা নিশ্চিতভাবে বলছি না যে, ধ্বংসাবশেষগুলো এমএইচ৩৭০ এর। তবে আমরা মনে করি, এই দিকনির্দেশনাটি অনুসরণ করা উচিত।’

কোম্পানিটির অপর মুখপাত্র পাভেল কুরসা জানিয়েছেন, বঙ্গোপসাগরের সংশ্লিষ্ট এলাকায় বাণিজ্যিক বিমানের বিভিন্ন উপকরণ দেখা গেছে। বোয়িং ৭৭৭ বিমানে ওই রাসায়নিক ও বস্তুগত উপাদান ব্যবহূত হয়।
মালয়েশিয়া এয়ারলাইনসের এমএইচ৩৭০ উড়োজাহাজটি ২৩৯ জন আরোহী নিয়ে গত ৮ মার্চ রহস্যজনকভাবে নিখোঁজ হয়। কুয়ালালামপুর থেকে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা করার এক ঘণ্টা পরই রাডারের সঙ্গে এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

কৃত্রিম উপগ্রহের (স্যাটেলাইট) মাধ্যমে সংগৃহীত তথ্য-উপাত্তের ভিত্তিতে মালয়েশিয়ার সরকারি কর্মকর্তারা দাবি করেন, উড়োজাহাজটি ভারত মহাসাগরের দক্ষিণ অংশে ধ্বংস হয়েছে। দুর্ঘটনাস্থল অস্ট্রেলিয়ার পার্থ শহর থেকে কয়েক হাজার কিলোমিটার পশ্চিমে। মহাসাগরের সংশ্লিষ্ট এলাকায় অনুসন্ধানের কাজ চলছে।