বিরল সততার অপূর্ব পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেমস
জেমস

৪২ হাজার ডলারসহ একটি হারানো ব্যাগ ফেরত দেওয়ার পর ভাগ্য খুলে গেছে যুক্তরাষ্ট্রের বোস্টন শহরের জেমস নামের এক ব্যক্তির। সততার পুরস্কার হিসেবে তিনি পেতে যাচ্ছেন এক লাখ ১০ হাজার ডলার। পুরস্কারের পুরো অর্থই জোগাড় হয়েছে সাধারণ মানুষের স্বেচ্ছা-অনুদানের মাধ্যমে।

বিবিসি অনলাইনের খবরে বলা হয়, জেমস গত সপ্তাহে নগদ টাকা ও পর্যটক চেকসহ একটি ব্যাগ পুলিশের কাছে ফেরত দেন, এরপর পুলিশ ব্যাগের মালিককে শনাক্ত করে।

গণমাধ্যম থেকে জেমসের সততার খবর পেয়ে ইথান হুইটিংটন নামের একজন অপরিচিত ব্যক্তি জেমসের জন্য অনলাইনে স্বেচ্ছা-অনুদানের তহবিল গড়ে তোলেন। এতে প্রচণ্ড সাড়া পড়ে। কয়েক দিনেই অনুদানের পরিমাণ এক লাখ ১০ হাজার ডলারে পৌঁছে যায়।

ইথান এখন জেমসের সঙ্গে দেখা করে তাঁর হাতে তহবিলের টাকা তুলে দেওয়ার পরিকল্পনা করছেন।

ভার্জিনিয়ার মিডলোথিয়ানে বসবাসকারী হুইটিংটন বলেন, জেমসের সততা তাঁকে এতই অভিভূত করেছে যে তিনি তাঁর জন্য তহবিল গড়ার পরিকল্পনা হাতে নেন।

এপিকে দেওয়া এক বক্তব্যে হুইটিংটন বলেন, ‘গৃহহীন অবস্থায় থাকার পরও তিনি যা করলেন তা আমার মনকে ছুঁয়ে গেছে।’ তিনি বলেন, জেমসের জন্য তাঁর ক্রাউড ফান্ড ওয়েবসাইটে অর্থ সাহায্যের জন্য তহবিল গড়ে তোলার ভাবনা দাবানলের মতো চারিদিকে ছড়িয়ে যায়।

হুইটিংটন বলেন, ‘এটা আমাকে আশাবাদী করেছে। এটা শুধু একজন ব্যক্তিকে পুরস্কৃত করা নয়, আমি মনে করি এটি আমেরিকার প্রতিটি মানুষের জন্য একটি শিক্ষণীয় বার্তা। যদি আমরা সবাই একসঙ্গে এগিয়ে আসি এবং এক লক্ষ্যে কাজ করি, তাহলে আমরা যেকোনো কিছু করতে পারি।’