বিরুদ্ধ স্রোতের দুই সাহসী যাত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘প্রতিকূল রাজনৈতিক পরিবেশেও কার্যকর স্থানীয় সরকার গড়ে তোলার প্রচেষ্টা এবং শিক্ষা ও নারী অধিকার প্রতিষ্ঠা করতে সহিংসতাপূর্ণ পরিবেশেও অসাধারণ অবদান রাখায় হাবিবা সারাবিকে এ পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।’ ম্যাগসাইসাই পুরস্কারের জন্য মনোনীত আফগান নারী প্রশাসক হাবিবা সারাবি সম্পর্কে এ মন্তব্য করেছে ম্যাগসাইসাই ফাউন্ডেশন।আফগানিস্তানের প্রথম নারী গভর্নরের পাশাপাশি এবার সম্মানজনক এ পুরস্কার পেয়েছেন মিয়ানমারের সমাজ সংগঠক লেহপাই সেং। লেহপাই প্রসঙ্গে ম্যাগসাইসাই ফাউন্ডেশনের মন্তব্য, ‘জাতিগত বিভক্তি ও সহিংসতার ফলে ক্ষতিগ্রস্ত সমাজেও সংলাপের মাধ্যমে অহিংসতার সংস্কৃতিকে এগিয়ে নিতে উৎসাহব্যঞ্জক ও অসাধারণ নেতৃত্ব দিয়েছেন লেহপাই, যা মিয়ানমারকে শান্তিপূর্ণ ভবিষ্যতের দিকে নিয়ে যাবে।’এ দুই নারীর সঙ্গে ফিলিপাইনের চিকিৎসক আর্নেস্তো ডোমিঙ্গো এবং ইন্দোনেশিয়ার দুর্নীতি দমন কমিশন ও নেপালের সংগঠন ‘শক্তিসমূহ’ এবারের ম্যাগসাইসাই পুরস্কারের জন্য মনোনীত হয়েছে। হাবিবা সারাবি (৫৭) আফগানিস্তানের বামিয়ান প্রদেশের নারী গভর্নর হিসেবে দায়িত্ব নেন ২০০৫ সালে। চরম সহিংসতাপূর্ণ দেশটির প্রত্যন্ত ওই প্রদেশ শাসনের দায়িত্ব পালন করছেন দক্ষতার সঙ্গে। নানা প্রতিকূলতা সত্ত্বেও স্থানীয় সরকারকে কার্যকর করে তোলা ও নারী অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন তিনি। হাবিবা গভর্নর হিসেবে দায়িত্ব নেওয়ার পর ওই প্রদেশে গণশিক্ষা ও নারী শিক্ষার্থীর সংখ্যা বেড়ে যাওয়া তাঁর সাফল্যেরই সাক্ষ্য দেয়। হাবিবা ২০০২ থেকে ২০০৪ সাল পর্যন্ত কেন্দ্রীয় নারীবিষয়ক মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন।অন্যদিকে ৬৪ বছর বয়সী লেহপাই বছরের পর বছর ধরে বাস্তুচ্যুতদের সহায়তা করেছেন। জাতিগত সহিংসতার কারণে বাস্তুচ্যুতদের জন্য ত্রাণ, স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন প্রকল্প পরিচালনা করে বিভিন্ন সংগঠনকে একত্র করেছেন। অসাধারণ নেতৃত্বগুণ দিয়ে তাদের নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ম্যাগসাইসাই ফাউন্ডেশনের মন্তব্য, একে শান্তিপূর্ণ, ভবিষ্যৎ মিয়ানমারের ভিত্তি বলে বিবেচনা করা যেতে পারে।গত শতকের পঞ্চাশের দশকে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ফিলিপাইনের প্রেসিডেন্ট র‌্যামন ম্যাগসাইসাইয়ের নামে এ পুরস্কার প্রবর্তন করা হয়। সম্মানজনক এ পুরস্কার এশিয়ার নোবেল হিসেবে খ্যাত। হাফিংটন পোস্ট।