জেনেভায় যুক্তরাষ্ট্র ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীর গত শনিবারের বৈঠক ইরানের বিতর্কিত পারমাণবিক কর্মসূচি নিয়ে মতপার্থক্য দূর করতে ব্যর্থ হয়েছে। ইরানের একজন জ্যেষ্ঠ কূটনীতিক গতকাল রোববার এ কথা বলেছেন। বলা হয়েছে, ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে আন্তর্জাতিক পরিদর্শকদের প্রবেশের অনুমতি দেওয়ার বিষয়টি মতপার্থক্যের অন্যতম কারণ।
এ রকম এক প্রেক্ষাপটে ভবিষ্যতে ইরান চূড়ান্ত পারমাণবিক চুক্তির শর্ত ভাঙলে আবার জাতিসংঘের নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে একমত হয়েছে ছয় বিশ্বশক্তি। খবর এএফপি ও রয়টার্সের।
তেহরানের বিতর্কিত পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান ও ছয় বিশ্বশক্তির (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, চীন, ফ্রান্স ও জার্মানি) অন্তর্বর্তী সমঝোতা অনুযায়ী আগামী ৩০ জুনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তি করতে হবে।
কেরি ও জারিফের আলোচনায় পাশ্চাত্য পক্ষের মূল দাবিগুলোর একটি ছিল ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে পরিদর্শকদের পর্যবেক্ষণের জন্য প্রবেশের অনুমতি দেওয়া। তবে তেহরান এ বিষয়টি নাকচ করে দিয়েছে। ইরানি আলোচক দলটির উপপ্রধান আব্বাস আরাকচি জেনেভায় শনিবারের বৈঠক শেষে বলেন, ‘এখনো অনেক মতপার্থক্য রয়েছে।’
পাশ্চাত্যের সন্দেহ, শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির আড়ালে ইরান পারমাণবিক বোমা তৈরির কাজ এগিয়ে নিচ্ছে। তবে দেশটি বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে।
শনিবারের বৈঠক শুরুর আগেই আরাকচি বলেছিলেন, জাতিসংঘের পরিদর্শকদের জন্য ইরানের বিজ্ঞানীদের প্রশ্ন করা এবং সামরিক স্থাপনা পরিদর্শনের মতো বিষয় চূড়ান্ত চুক্তিতে অন্তর্ভুক্ত করতে দেওয়া হবে না।
এ অবস্থায় ইরানি বার্তা সংস্থা মেহর গতকাল জানায়, ইরানের পরমাণুবিজ্ঞানীদের প্রশ্ন করা ও সামরিক স্থাপনাগুলোতে পরিদর্শনের যে অনুমতি পাশ্চাত্য চাইছে, তার ‘বিকল্প সমাধান’ নিয়ে আলোচনা করবে দেশটি। মেহর জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী জারিফ বলেছেন, তাঁরা আগামী তিন বা চার সপ্তাহ সময়ে একটি সমঝোতায় পৌঁছাতে চেষ্টা করে দেখবেন।
ছয় বিশ্বশক্তি একমত: এদিকে শেষ পর্যন্ত চূড়ান্ত চুক্তি হলে এবং পরে ইরান তার শর্ত অমান্য করলে জাতিসংঘের নিষেধাজ্ঞা আবার ফিরিয়ে আনা হবে। ছয় বিশ্বশক্তি এ বিষয়ে একমত হয়েছে বলে জানিয়েছেন পশ্চিমা কূটনীতিকেরা। চূড়ান্ত চুক্তি কয়েকটি বিষয়ের ওপরে ঝুলে আছে। পারমাণবিক কেন্দ্রগুলোতে পরিদর্শনের সুযোগ ছাড়া অন্য উল্লেখযোগ্য অমীমাংসিত বিষয় হচ্ছে, তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সময়সীমা, চুক্তির শর্ত ভাঙলে অবরোধ আবার চালু করার প্রক্রিয়া নির্ধারণ ইত্যাদি। পাশ্চাত্যের কূটনীতিকেরা জানিয়েছেন, নতুন সমঝোতা অনুযায়ী চুক্তি লঙ্ঘনের অভিযোগ উঠলে তা একটি বিরোধ নিষ্পত্তি প্যানেলে নেওয়া হবে। ছয় বিশ্বশক্তি ও ইরানের প্রতিনিধিরা সেখানে থাকবেন। তবে এই প্যানেলের মতামত মানা বাধ্যতামূলক হবে না।