বিরোধী ঐক্য ভাঙনে বিজেপি সফল!
রিরোধী ঐক্য খান খান করে সরকার লোকসভায় টেলিকম রেগুলেটরি (ট্রাই) আইন সংশোধন করে নিল। এই সংশোধনীর মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখ্য সচিব সাবেক আমলা নৃপেন্দ্র মিশ্রর নিয়োগ বৈধতা পেল। ক্ষমতায় এসে অবসরপ্রাপ্ত এই বিশ্বস্ত আমলাকে নরেন্দ্র মোদি তাঁর মুখ্য সচিব করেন। সে জন্য সরকারকে অধ্যাদেশ জারি করতে হয়েছিল।
অর্ডিন্যান্স জারি করতে হয়েছিল কারণ, নৃপেন্দ্র মিশ্র একসময় ট্রাইয়ের চেয়ারম্যান ছিলেন। ১৯৯৭ সালের ট্রাই আইনে বলা হয়েছিল, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান অবসরের পর কোনো সরকারি চাকরিতে যোগ দিতে পারবেন না। অবসরের এক বছর পর অবশ্য বেসরকারি সংস্থায় চাকরি করা যায়। বিজেপি সেই সময় ওই আইনকে সমর্থন জানিয়েছিল। ৬৯ বছরের নৃপেন্দ্র মিশ্রকে তাই অধ্যাদেশ অর্ডিন্যান্স জারি করে নিয়োগ দেওয়া হয়। সরকার গঠনের মাত্র কদিনের মধ্যেই সেটা ছিল নতুন সরকারের প্রথম অধ্যাদেশ।
একজন ব্যক্তির জন্য আইন ভেঙে অধ্যাদেশ জারি করায় নরেন্দ্র মোদির সমালোচনাও হয়েছিল। যেকোনো অধ্যাদেশের মেয়াদ ছয় মাস। তার মধ্যে সেটি আইনে রূপান্তর না করা গেলে সেটি বাতিল হয়ে যায়। আইনের সেই সংশোধনই গতকাল লোকসভায় করা হলো। সংশোধিত আইন অনুযায়ী, ট্রাইয়ের চেয়ারম্যানের সরকারি কোনো পদে নিয়োগের ক্ষেত্রে বাধা থাকল না।
লোকসভায় বিজেপি বা সরকারের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংশয় না থাকলেও রাজ্যসভায় রয়েছে। কিন্তু সোমবার লোকসভায় যা হলো, তাতে রাজ্যসভায় বিলটি পাস না হওয়ার কোনো কারণ দেখা যাচ্ছে না। কংগ্রেস ও বামপন্থীরা বিলটির বিরোধিতা করছিল। কংগ্রেসের মিত্র এনসিপি এই বিলের বিরোধিতা করবে না বলে আগেই জানিয়ে দিয়েছিল। তৃণমূল কংগ্রেস প্রথমে বিরোধিতা করলেও বিলে সমর্থন দেয়। সমর্থন করে মায়াবতীর সমাজবাদী পার্টিও।
তৃণমূলের সৌগত রায় দলে আগাগোড়া বিলটির বিরোধিতার করেছিলেন। কিন্তু হলো ঠিক তার বিপরীত। কংগ্রেসের সাংসদ অধীর চৌধুরী বলেন, তৃণমূল ওপরে ওপরে বিজেপির বিরোধিতা করলেও তলে তলে তারা বিজেপির সঙ্গেই যে রয়েছে, এটা তার আরেকটা প্রমাণ। বিজেপিকে এই সহযোগিতা করার নেপথ্যের কারণ সারদা কেলেঙ্কারির সিবিআই তদন্তের সামাল দেওয়া কি না, তা নিয়েও প্রশ্ন উঠছে। মায়াবতীর সমর্থনের পেছনেও এই কারণ বলে কোনো কোনো মহলের ধারণা।
অবশ্য তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, প্রধানমন্ত্রী তাঁর মুখ্য সচিব নিয়োগ করবেন, এতে আপত্তির কোনো কারণ থাকতে পারে না। মোট কথা, বিজেপিবিরোধী দলগুলোকে একজোট হতে না দেওয়ার ক্ষেত্রে বিজেপি সফল।