বিরোধী নেতা নিয়ে দোলাচলে মোদি
সহযোগিতার মাধ্যমে যুক্তরাষ্ট্রীয় কাঠামো শক্তিশালী করার কথা বললেও লোকসভার বিরোধী নেতার মর্যাদা কংগ্রেসকে দেওয়া হবে কি না, লোকসভার ডেপুটি স্পিকার কাকে করা হবে—সে সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এখনো নিতে পারলেন না। একইভাবে লোকসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির (পিএসি) দায়িত্ব কাকে দেওয়া উচিত, তাও ঠিক করতে পারছেন না।
রাষ্ট্রপতির ভাষণের ওপর বিতর্কের জবাবে গত বুধবার নরেন্দ্র মোদি যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় সহযোগিতার ওপর বিশেষ জোর দেন। বিরোধীদের নিয়ে বিকাশের রাস্তায় হাঁটার কথা বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসাও তিনি করেন। বিকাশের রাস্তায় রাজনীতিকে অহেতুক টেনে না আনার কথা বারবার শোনালেও কংগ্রেসকে বিরোধী নেতার মর্যাদা দেওয়ার প্রশ্ন আর ডেপুটি স্পিকার পদে নিয়োগের বিষয়টি তিনি অমীমাংসিত রেখেছেন। তাঁর কথা ও কাজের ফারাকটা এর ফলে প্রকট হয়ে উঠছে। মুখে সহযোগিতার কথা বললেও ভাবনাচিন্তায় প্রাধান্য পাচ্ছে রাজনীতি।
লোকসভায় বিরোধী নেতার মর্যাদা কংগ্রেসকে দেওয়া না-দেওয়ার প্রশ্নে বিজেপির দোলাচল কাটছে না। এটা ঠিক, কংগ্রেস লোকসভার মোট আসনের এক-দশমাংশ (৫৫টি আসন) পায়নি। সে জন্য বিরোধী নেতার মর্যাদার দাবির অধিকার তাদের নেই। আবার এটাও ঠিক, কংগ্রেস লোকসভার ভোট লড়েছিল ইউপিএ জোট গড়ে। সেই দিক থেকে দেখলে জোটের প্রাপ্ত আসন প্রয়োজনের তুলনায় বেশি। সে কারণে বিরোধী দলের মর্যাদা তাদের দেওয়াই যায়। সংসদীয় রীতি মেনে কংগ্রেস সেই দাবি জানাবে, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের অধিকারী স্পিকার।
দ্বিধা বা দোলাচলের প্রধান কারণ পাবলিক অ্যাকাউন্টস কমিটির (পিএসি) চেয়ারম্যানের পদ। সংসদীয় রীতি অনুযায়ী এ গুরুত্বপূর্ণ পদ প্রধান বিরোধী দলের নেতাকে দেওয়া হয়। ৪৪ সদস্যবিশিষ্ট কংগ্রেসকে বঞ্চিত করে দুটি পদেই অন্য বিরোধী দলের নেতাদের বসানোর একটা যুক্তি দলের একাংশ দিচ্ছে। এআইএডিএমকে বা বিজু জনতা দলও বিরোধী। তাদের দেওয়া হলে অসুবিধার চেয়ে সুবিধা বেশি।
প্রথম সুবিধা, বিজেপির সঙ্গে এ দলগুলো সমঝোতার পথ খোলা রেখেছে। দ্বিতীয় সুবিধা, তাদের পদ দিয়ে কংগ্রেসকে আরও দুর্বল করে তোলা। অসুবিধা হলো সে ক্ষেত্রে বিজেপির রাজনীতিটা প্রকট হয়ে যাবে। নরেন্দ্র মোদির কথা ও কাজের ফারাকটাও স্পষ্ট হয়ে যাবে।
লোকসভার বিরোধী নেতা কাউকে যদি না করা হয়, তাহলে অন্য একটা সংকট কিন্তু সৃষ্টি হবে। প্রধানত বিজেপির চাপাচাপিতেই আগের ইউপিএ সরকার ঠিক করেছিল, লোকপাল, সিবিআই বা সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনার (সিভিসি) নিযুক্তির ক্ষেত্রে লোকসভার বিরোধী নেতার গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। লোকপালের নিয়োগ যে কমিটি করবে, তাতে প্রধানমন্ত্রী, লোকসভার স্পিকার, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সঙ্গে লোকসভার বিরোধী নেতাকেও রাখতে হবে।
এখন প্রশ্ন উঠছে, লোকসভায় বিরোধী নেতাই যদি কাউকে না করা হয়, তাহলে লোকপালের নিযুক্তি কী করে হবে? লোকসভার বিরোধী নেতাকে ওই কমিটিতে রাখার দাবি তো বিজেপিরই ছিল৷ নিজেদের তৈরি করা আইন নিজেরাই কী করে ভাঙবে? শুধু লোকপালই নয়, আগামী পাঁচ বছর সিবিআই বা সিভিসির নিযুক্তিরও প্রয়োজন হবে। এই জট বিজেপি নেতৃত্ব এখনো খুলতে পারেনি।