দেশে বিকাশের প্রতিযোগিতা শুরু করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বললেন, সবাইকে সঙ্গে নিয়ে সবার উন্নয়নই তাঁর সরকারের প্রধান লক্ষ্য। কেন্দ্র-রাজ্য সম্পর্কও যে দাতা-গ্রহীতার সম্পর্কের মতো নয়, জানিয়ে দিলেন তা-ও। দেশ ও সরকার নিয়ে নিজের এই ভাবনা-চিন্তার কথা শোনানো ছাড়া বিরোধীদের তোলা প্রায় কোনো প্রশ্নেরই উত্তর মোদি দিলেন না। অবৈধ অনুপ্রবেশকারীদের মোকাবিলা প্রসঙ্গে বিভিন্ন সদস্য যে প্রশ্নগুলো তুলেছিলেন, জবাব দেননি তারও।
গত মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও গতকাল বুধবার ওই দলেরই সুগত বসু অবৈধ অনুপ্রবেশকারীদের মোকাবিলা নিয়ে অশান্তি সৃষ্টি না করার ওপর জোর দেন। সুগত বলেন, ভাষাগত সাদৃশ্য যেন সংখ্যালঘু বিরোধিতার হাতিয়ার না হয়। মোদি কিন্তু এই উদ্বেগ নিরসনের ধারকাছ দিয়েও হাঁটলেন না। দেশ ও সরকার তিনি কীভাবে চালাতে চান, ৪০ মিনিটের জবাবি ভাষণে প্রধানমন্ত্রী মোটামুটি তারই কিছু নমুনা পেশ করলেন।
মোদির সরকারের মূল লক্ষ্য হবে ভারতের অন্তর্নিহিত শক্তির বিকাশ ঘটিয়ে বিশ্বের কাছে জাহির করা। সে জন্য দেশের সার্বিক উন্নয়ন জরুরি। এবং তা করতে প্রয়োজন গরিবদের ও গ্রামের মানুষের জীবনমানের উন্নতি ঘটানো।
মোদি বলেন, মাটি পরীক্ষা না করেই দেশের অধিকাংশ কৃষক চাষ করেন। মাটি পরীক্ষার সুযোগ তাঁদের কাছে দিতে পারলে চাষের খরচ কমে যাবে। মূল্যবৃদ্ধি রোধ করাও সরকারের প্রধান লক্ষ্য। সে কথা জানিয়ে মোদি বলেন, কৃষির সর্বক্ষেত্রেই প্রযুক্তির প্রয়োগ প্রয়োজন। তিনি সেদিকেই হাঁটছেন। মোদি তাঁর ভাষণে নতুন একটি স্লোগান দেন। ‘স্ক্যাম ইন্ডিয়া থেকে স্কিলড ইন্ডিয়া।’ এ প্রসঙ্গে মোদি বলেন, মহাত্মা গান্ধী স্বাধীনতার আন্দোলনকে জন-আন্দোলনে পরিণত করেছিলেন। স্বচ্ছতা অন্দোলনও জন-আন্দোলনে পরিণত করেছিলেন। এভাবে আমাদেরও উন্নয়ন ও বিকাশের আন্দোলনকে জন-আন্দোলনের রূপ দিতে হবে।
সবার উন্নতি না হলে দেশেরও যে ভালো হবে না, সংখ্যালঘু উন্নয়ন প্রসঙ্গে মোদি তা বুঝিয়ে দেন। তিনি বলেন, শরীরের একটা অঙ্গ দুর্বল রেখে কখনো স্বাস্থ্যবান হওয়া যায় না। মুসলমান সম্প্রদায়ের জীবনের উন্নতি তাই দেশের জন্যই জরুরি। মোদি বলেন, ‘আমি ছোটবেলায় যে বয়স্ক মুসলমানকে সাইকেল মেরামত করতে দেখতাম, তাঁর নাতিও দেখি এখন সাইকেল মেরামত করছে। এই ধারাবাহিকতার পরিবর্তন করতে হবে। শিক্ষা ও সুযোগ দিয়ে তাঁদের উন্নয়নের রাস্তায় নিয়ে এলে দেশই উপকৃত হবে।’