বিরোধ মিটিয়ে ফেলতে দুই সুদানের প্রতি আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন গতকাল শুক্রবার দক্ষিণ সুদান সফরে গেছেন। মার্কিন শীর্ষ পর্যায়ের কোনো নেতার এটিই প্রথম দক্ষিণ সুদান সফর। সুদান ও দক্ষিণ সুদানের মধ্যে বিদ্যমান বিরোধ নিষ্পত্তির জন্য হিলারি জোরালো আহ্বান জানাবেন বলে ধারণা করা হচ্ছে।দক্ষিণ সুদানের রাজধানী জুবায় নির্ধারিত সংক্ষিপ্ত সফরে হিলারি দেশটির প্রেসিডেন্ট সালভা কিরের সঙ্গে বৈঠকে অংশ নেবেন। এতে হিলারি দক্ষিণ সুদানের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব্যক্ত করবেন বলে আশা করা হচ্ছে। তবে দুই সুদানের মধ্যে সমঝোতা আলোচনায় অগ্রগতি না হওয়ায় তাঁর উদ্বেগ প্রকাশের সম্ভাবনা রয়েছে। দুই সুদানের বিরোধ প্রসঙ্গে যুক্তরাষ্ট্র একাধিকবার উদ্বেগ প্রকাশ করেছে।মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন উচ্চপদস্থ কর্মকর্তা বলেন, নিজেদের মধ্যে বিভিন্ন বিরোধের কার্যকর নিষ্পত্তির জন্য উভয় সুদানকেই উৎসাহ দিচ্ছে যুক্তরাষ্ট্র। দক্ষিণ সুদানের প্রতি অব্যাহত সমর্থন ব্যক্ত করার পাশাপাশি হিলারি ক্লিনটন দুই সুদানের মধ্যে বিরোধপূর্ণ বিভিন্ন বিষয়ে উদ্বেগও প্রকাশ করবেন। এসব বিষয়ের মধ্যে রয়েছে তেলসম্পদ ও রাজস্ব বিনিময়, নাগরিকত্ব ও সীমান্ত সমস্যা প্রভৃতি। এ ছাড়া উভয় দেশই বর্তমানে অর্থনৈতিক স্থানচ্যুতির মধ্য দিয়ে যাচ্ছে। তাদের মধ্যে পারস্পরিক বিরোধ দ্রুত নিষ্পত্তির বিষয়টি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ জন্য রাজনৈতিক নেতৃত্ব এবং দুই দেশের প্রেসিডেন্টের সংশ্লিষ্টতা প্রয়োজন।সুদানের সঙ্গে দীর্ঘ বিরোধের পর গত বছরের জুলাই মাসে দক্ষিণ সুদান স্বাধীনতা অর্জন করে। তবে দুই দেশের সীমান্ত ও তেলসমৃদ্ধ এলাকার মালিকানাসহ বিভিন্ন বিষয় এখনো অমীমাংসিত রয়েছে। এসব বিরোধ নিষ্পত্তির জন্য দুটি দেশকে জাতিসংঘ গত বৃহস্পতিবার পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিল। দক্ষিণ সুদান সফর শেষে হিলারি উগান্ডার রাজধানী কাম্পালায় ফিরে যাবেন। চলতি সফরে তিনি আফ্রিকার সাতটি দেশে যাবেন। এএফপি, বিবিসি।