বিরোধ মেটাতে ঐক্য চুক্তি বাস্তবায়নে সম্মতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিস্তিনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ফাতাহ ও হামাস মতবিরোধ মিটিয়ে ফেলতে ঐক্য চুক্তি বাস্তবায়নে সম্মত হয়েছে। ২০১১ সালে দুই পক্ষের মধ্যে ওই চুক্তি হয়। গত বুধবার মিসরের রাজধানী কায়রোতে দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির মধ্যস্থতায় অনুষ্ঠিত দুই পক্ষের বৈঠকে ঐক্য চুক্তি বাস্তবায়নের সিদ্ধান্ত হয়েছে।কায়রো বৈঠকে ফাতাহর শীর্ষ নেতা ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও কট্টরপন্থী হামাসের নেতা খালেদ মেশাল অংশ নেন। হামাসের পলিটব্যুরোর সদস্য ইজাত আল-রিসক বলেন, ‘চমৎকার বন্ধুত্বপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। দুই পক্ষই ঐক্য চুক্তি বাস্তবায়নে সম্মত হয়েছে। পাশাপাশি ফিলিস্তিনের অন্য পক্ষগুলোকে এই চুক্তি বাস্তবায়নে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।’ ইজাত আল-রিসক জানান, হামাস ও ফাতাহর নেতারা আবারও একসঙ্গে আলোচনায় বসবেন। তবে ওই আলোচনার দিনক্ষণ উল্লেখ করেননি তিনি।প্রেসিডেন্ট মুরসির মুখপাত্র ইয়াসির আলীর বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়, বৈঠকে হামাস ও ফাতাহর নেতারা ঐক্য চুক্তি বাস্তবায়নের কাজ শুরু করতে সম্মত হয়েছেন।এই বৈঠকের পরে প্রেসিডেন্ট মুরসির সঙ্গে পৃথকভাবে বৈঠক করেন প্রেসিডেন্ট আব্বাস ও হামাসের নেতা খালেদ মেশাল। এর আগে গত ফেব্রুয়ারিতে কায়রোতেই আব্বাসের সঙ্গে বৈঠক করেন মুরসি। তবে সেই বৈঠকে খুব বেশি অগ্রগতি হয়নি।আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ফাতাহ কিছুটা উদারপন্থী বলে পরিচিত। বিপরীতে হামাসকে কট্টরপন্থী বলে বিবেচনা করা হয়। ২০০৭ সালের পার্লামেন্ট নির্বাচনে গাজা ভূখণ্ডে জয়ী হয় হামাস। এর পর থেকে ফাতাহ ও হামাসের দ্বন্দ্ব প্রকাশ্য রূপ পায়। এই বিরোধ মেটাতে ২০১১ সালের এপ্রিলে দুই পক্ষের সমঝোতায় ঐক্য চুক্তি সম্পাদিত হয়। কিন্তু তা বাস্তবায়ন হয়নি।বিশ্লেষকেরা বলছেন, ফিলিস্তিন সম্প্রতি জাতিসংঘের সাধারণ পরিষদের ‘অসদস্য পর্যবেক্ষক রাষ্ট্রের’ মর্যাদা পেলে ফাতাহ ও হামাসের সম্পর্ক সহজ হতে শুরু করে। ২০০৭ সালে গাজায় হামাস জয়ী হওয়ার পর সেখানে সমাবেশ করতে পারেনি ফাতাহ। সংগঠনের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত শনিবার সেখানে বিশাল সমাবেশ করেছে ফাতাহ। অন্যদিকে গত মাসে হামাসের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফাতাহ নিয়ন্ত্রিত পশ্চিম তীরে সমাবেশ করে হামাস; যা দুই দলের মধ্যে সম্পর্কের উন্নতির ইঙ্গিত বহন করে।এ ছাড়া সম্প্রতি গাজা সফরে গিয়ে নির্বাসিত হামাস নেতা খালেদ মেশাল তাঁর বক্তৃতায় ফিলিস্তিনের ঐক্যের প্রতি জোর দেন। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ফিলিস্তিনি জনগণের প্রতিনিধিত্বকারী সংগঠন প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনে (পিএলও) যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন তিনি। এএফপি ও রয়টার্স।