বিরোধ সত্ত্বেও রুশ-মার্কিন আলোচনা হতে হবে: কেরি
এডওয়ার্ড স্নোডেনের কারণে রুশ-মার্কিন শীর্ষ বৈঠক বাতিল হয়ে যাওয়ার প্রেক্ষাপটে উভয় দেশই দৃশ্যত বিষয়টি হালকা করে দেখাতে সচেষ্ট হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, বিভিন্ন ইস্যুতে ‘বিরোধ ও ক্ষণিকের মতপার্থক্য থাকলেও’ যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে অবশ্যই আলোচনা হতে হবে। অন্যদিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে ‘দৃঢ় ভিত্তি’ স্থাপন করেছে। যুক্তরাষ্ট্রের গোপন নজরদারির খবর ফাঁস করে হইচই ফেলে দেওয়া মার্কিন নাগরিক এডওয়ার্ড স্নোডেনকে রাশিয়া সাময়িক আশ্রয় দেওয়ায় রুশ প্রেসিডেন্টের সঙ্গে নির্ধারিত বৈঠক বাতিল করেছেন ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট। ওবামার ঘোষণার কয়েক দিনের মধ্যেই দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এসব মন্তব্য করলেন। এর আগে গত শুক্রবার ওয়াশিংটনে বৈঠক করেন কেরি, লাভরভ, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল ও রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগু। কেরি বলেন, ‘এটা এখন গোপন কোনো বিষয় নয় যে এই মুহূর্তে স্নোডেন ইস্যু ছাড়াও বেশ কিছু বিষয়ে আমাদের চ্যালেঞ্জের অভিজ্ঞতা হয়েছে। বৈঠকে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। কিন্তু এই বিষয়গুলোর চেয়ে আমাদের এই বৈঠক বেশি গুরুত্বপূর্ণ।’ কেরি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা, আফগানিস্তান, ইরান ও সিরিয়ার বিষয়ে আলোচনার কথা উল্লেখ করেন। জন কেরি স্বীকার করেন, সিরিয়ার বর্তমান পরিস্থিতিতে দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদ এবং বিদ্রোহীদের বিষয়ে লাভরভের সঙ্গে তাঁর মতপার্থক্য রয়েছে। সিরিয়ার পরিস্থিতি নিয়ে শুরু থেকেই বিপরীত অবস্থানে আছে রাশিয়া ও যুক্তরাষ্ট্র। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেন, দুই দেশের কূটনীতিকেরা ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে ‘দৃঢ় ভিত্তি’ স্থাপন করেছেন। তবে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও প্রেসিডেন্ট বারাক ওবামা সরাসরি বৈঠক না করলে আরও সহযোগিতার ব্যাপারে মতৈক্য সম্ভব হবে না।
‘স্নোডেনের জয়’: গোপন নজরদারি কার্যক্রমকে আরও স্বচ্ছ করার ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ওবামার পরিকল্পনাকে স্নোডেনের একধরনের বিজয় বলে মনে করছেন গোপনীয়তাবিরোধী ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। উইকিলিকসের ওয়েবসাইটে গত শনিবার দেওয়া এক বিবৃতিতে অ্যাসাঞ্জ বলেন, প্রেসিডেন্ট ওবামার এই পরিকল্পনা স্নোডেনের ভূমিকাকে বৈধতা দেয়। এর মধ্য দিয়ে স্নোডেন ও তাঁর সমর্থকদের একধরনের জয় হয়েছে। একটি সাধারণ বিষয় হলো, স্নোডেন গোপন নজরদারির বিষয়টি ফাঁস না করলে এ ব্যাপারে কেউই কিছু জানতেন না। মার্কিন প্রশাসন বিষয়টি সংস্কারের পরিকল্পনাও করত না। বিবিসি ও এএফপি।