বিরোধপূর্ণ দ্বীপের জলসীমায় চীনের তিনটি জাহাজ
পূর্ব চীন সাগরে জাপানের নিয়ন্ত্রণে থাকা বিরোধপূর্ণ দ্বীপপুঞ্জের জলসীমায় গতকাল রোববার চীনের তিনটি জাহাজ ঢুকেছে। বিতর্কিত এই অঞ্চলে চলতি বছর এ রকম অনুপ্রবেশের ঘটনা এটাই প্রথম। জাপানের কোস্টগার্ড এ তথ্য জানিয়েছে। জাপানের কাছে দ্বীপটি সেনকাকু নামে পরিচিত। গতকাল স্থানীয় সময় সকাল সাড়ে আটটার দিকে (গ্রিনিচ মান সময় শনিবার রাত সাড়ে ১১টা) চীনা উপকূলরক্ষী বাহিনীর ওই জাহাজ তিনটি দ্বীপের ১২ নটিক্যাল মাইল ভেতরে ঢোকে। চীনে এই দ্বীপপুঞ্জ দিয়াউস নামে পরিচিত। বেইজিংও এর মালিকানা দাবি করে আসছে। জাপানের কোস্টগার্ড আরও জানায়, অনুপ্রবেশের পর দুই ঘণ্টার কিছু কম সময়ের মধ্যে আবার জাহাজগুলো ওই এলাকা ছেড়ে চলে যায়। ২০১২ সালের সেপ্টেম্বরে জাপান সরকার বিরোধপূর্ণ এই দ্বীপপুঞ্জের কয়েকটি ব্যক্তিমালিকানা থেকে কিনে নেয়। বেইজিং ওই দ্বীপপুঞ্জ তাদের দাবি করে কয়েক দফা সেখানে রাষ্ট্রনিয়ন্ত্রিত জাহাজ ও বিমানের মহড়া দেয়। গত বছরের ২৯ ডিসেম্বর বিতর্কিত এই ভূখণ্ডের জলসীমায় চীন তার উপকূলরক্ষী বাহিনীর তিনটি জাহাজ পাঠানোর পর ওই অঞ্চলে এই প্রথম আবার অনুপ্রবেশের ঘটনা ঘটল। এএফপি।