বিরোধপূর্ণদিয়াওউ দ্বীপে চীনের দুই জাহাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানের সঙ্গে বিরোধপূর্ণ দিয়াওউ দ্বীপ এলাকায় নজরদারির জন্য দুটি জাহাজ পাঠিয়েছে চীন। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া গতকাল মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। জাপানিদের কাছে এটি সেনকাকু দ্বীপ নামে পরিচিত। গতকাল বিতর্কিত ওই দ্বীপ কিনে নেওয়ার ঘোষণা দিয়েছে জাপান। সিনহুয়া জানায়, দিয়াওউ দ্বীপ এলাকায় ‘সার্বভৌমত্ব প্রতিষ্ঠা ও পরিস্থিতি উন্নয়নে পদক্ষেপ নিতে’ দুটি জাহাজ পাঠানো হয়েছে।পূর্ব চীন সাগরে অবস্থিত বিতর্কিত দিয়াওউ দ্বীপ এলাকা নিয়ে চীন ও জাপানের মধ্যে উত্তেজনা বাড়ছে। এলাকাটি কৌশলগত কারণে চীনের কাছে গুরুত্বপূর্ণ। সেখানে মূল্যবান খনিজ সম্পদ রয়েছে বলে ধারণা করা হয়। জাপানের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধান সচিব ওসামু ফুজিমুরা বলেন, চীনের এই পদক্ষেপের ফলে জাপানের সঙ্গে কোনো দেশ বা অঞ্চলের সম্পর্কের অবনতি হবে না। জাপান এর পাল্টা কোনো পদক্ষেপও নেবে না।দিয়াওউ দ্বীপ এলাকা কিনে নেওয়ার সিদ্ধান্ত নিলে জাপানের রাষ্ট্রদূতকে তলব করে বেইজিং পাল্টা পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছিল। চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও বলেন, চীনের ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ দিয়াওউ দ্বীপ এলাকা। সেখানকার এক ইঞ্চি জায়গাও কখনো ছেড়ে দেওয়া হবে না।চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হং লেই বলেন, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। চীনের ভূখণ্ডে সার্বভৌমত্ব অটুট রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।চীনের লোকজন গত মাসে দিয়াওউ এলাকার উওতসুরিজিমা দ্বীপে অবতরণ করলে দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি হয়। জাপানি কর্তৃপক্ষ ওই লোকজনকে আটক করে ফেরত পাঠিয়ে দেয়। কয়েক দিন পর ওই দ্বীপে জাপানি পতাকা উড়িয়ে দেওয়া হয়। প্রতিবাদে চীনের বিভিন্ন শহরে বিক্ষোভ হয়। জাপান সরকার বর্তমানে চারটি দ্বীপ ইজারা নিয়েছে এবং আরেকটি দ্বীপ তাদের মালিকানায় রয়েছে। সেখানে কোনো স্থাপনা নির্মাণের পরিকল্পনা নেই। জাপানের দিয়াওউ দ্বীপ এলাকা কিনে নেওয়ায় চীনের রাষ্ট্রীয় টেলিভিশন ও প্রধান সংবাদপত্রগুলো গতকাল নিন্দা জানিয়েছে। দেশটির সরকার বিষয়টি নিয়ে মানুষের মধ্যে দেশাত্ববোধের চেতনা জাগানোর চেষ্টা করছে। দ্বীপটির অবস্থান টোকিও থেকে দুই হাজার ও তাইওয়ান থেকে প্রায়২০০ কিলোমিটার দূরে। দ্বীপের আরেক দাবিদার তাইওয়ানও জাপানের সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী তিমোথি ইয়াং বলেন, ‘জাপানের ওই সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য আমরা জোর দাবি জানাচ্ছি।’ এএফপি ও বিবিসি।