বিরোধী সাংসদকে মন্ত্রী বানালেন থেইন সেইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইন তাঁর মন্ত্রিপরিষদে প্রথমবারের মতো একজন বিরোধীদলীয় আইনপ্রণেতাকে নিয়োগ দিয়েছেন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম গতকাল বুধবার এই তথ্য জানিয়েছে।সরকারি মুখপত্র নিউ লাইট অব মিয়ানমার জানায়, পার্লামেন্টের উচ্চকক্ষের সদস্য ও ন্যাশনাল ডেমোক্রেটিক ফোর্সের (এনডিএফ) আইনপ্রণেতা টিন সুয়ে হোটেল ও পর্যটন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন।অং সান সু চির নেতৃত্বাধীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি) থেকে বেরিয়ে এসে আলাদা দল গঠন করেছে এনডিএফ। মন্ত্রিপরিষদে নিজেদের প্রতিনিধিত্ব চলে আসায় দলটির পক্ষে এখন থেকে সরকারের বিরুদ্ধে অবস্থান নেওয়া সহজ হবে না বলে বিশ্লেষকেরা মনে করছেন।আইনপ্রণেতা টিন সুয়ের মন্ত্রিত্ব পাওয়ার ব্যাপারে এনডিএফের চেয়ারম্যান খিন মাউং সুয়ে বলেন, ‘এ নিয়ে সরকারের সঙ্গে তাঁর দলের কোনো সমঝোতা হয়নি। এমনকি নিয়োগের আগে আমরাও বিষয়টি জানতাম না। দল এ নিয়োগকে সমর্থন করে না।’ খিন মাউং সুয়ে বলেন, ‘জনবিরোধী যেকোনো কর্মকাণ্ডের বিরোধিতা আমরা অব্যাহত রাখব। দলের একজন মন্ত্রী হওয়ায় সরকারের বিরোধিতা না করার কোনো পরিকল্পনা আমাদের নেই।’মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের জন্য ৬৭ বছর বয়সী চিকিৎসক টিন সুয়ে পার্লামেন্টের সদস্য হিসেবে পদত্যাগ করবেন। এর ফলে পার্লামেন্টের উভয়কক্ষে এনডিএফের সদস্য থাকবেন মাত্র পাঁচজন। এএফপি।