বিরোধীদলীয় নেতা হতে ইমরানের বাধা কোথায়?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের সভাপতি ইমরান খান বিরোধীদলীয় নেতার আসনে বসবেন কি না, তা এখনো পরিষ্কার নয়। গত শনিবার দেশটিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে ইমরানের দল দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আবির্ভূত হয়েছে। এতে তাঁরই বিরোধীদলীয় নেতা হওয়ার কথা। কিন্তু ইমরান যদি সত্যিই এ গুরুত্বপূর্ণ পদটি পেতে চান, তবে সবার আগে তাঁকে সরে আসতে হবে প্রতিশ্রুতি থেকে।

দ্বিতীয়ত, তাঁকে আলোচনায় বসতে হবে পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) বা মুত্তাহিদা কওমি মুভমেন্টের (এমকিউএম) মতো দলগুলোর সঙ্গে। তবে পিপিপি বা এমকিউএম তেহরিক-ই-ইনসাফের সঙ্গে আলোচনায় বসতে কতটুকু আগ্রহী হবে, তা বোঝা যাচ্ছে না।

নির্বাচনের আগে অনেক সমাবেশে এবং সাক্ষাত্কারে পিপিপির প্রধান ইমরান খান পরিষ্কারভাবে বলেছেন, তিনি কখনোই পাকিস্তান মুসলিম লীগ (নওয়াজ) (পিএমএল-এন), পিপিপি, এমকিউএমের সঙ্গে জোট বা আপস করবেন না। তিনি এ-ও বলেছিলেন, নির্বাচনে যদি তিনি সংখ্যাগরিষ্ঠতা লাভ করেন এবং ক্ষমতায় যাওয়ার জন্য নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে এসব দলের সঙ্গে জোট করার প্রয়োজন দেখা দেয়, তবে তিনি ক্ষমতায় না গিয়ে বিরোধী দল হিসেবেই দায়িত্ব পালন করবেন।

তবে ইমরান যদি তাঁর প্রতিশ্রুতিতে স্থির থাকেন, তবে বিরোধী দলের মর্যাদা তাঁর দল পাবে না। সে ক্ষেত্রে পিপিপি ও এমকিউএমের যৌথ সিদ্ধান্তে মনোনীত ব্যক্তিই বিরোধীদলীয় নেতার দায়িত্ব পালন করবেন।

পিপিপি ও এমকিউএমের নেতারা বলছেন, বিরোধীদলীয় নেতা হিসেবে কাকে সমর্থন দেওয়া হবে, সে বিষয়ে বলার সময় এখনো আসেনি। কারণ, নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয়নি এবং দলগুলোও নিজেদের মধ্যে এ বিষয়ে আলোচনা করেনি।

এর আগে ইমরান পিপিপির সরকারের প্রধান ও মন্ত্রীদের বিরুদ্ধে ব্যাপক পরিমাণ দুর্নীতির অভিযোগ তুলেছিলেন। তিনি ঘোষণা করেছিলেন, প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর যদি প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির কাছ থেকে শপথ নিতে হয়, তবে তিনি সে পদ নেবেন না। এমকিউএমকে ইমরান ‘সন্ত্রাসী’ দল হিসেবে অভিহিত করেছিলেন।

রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, ইমরান হয়তো তাঁর প্রতিশ্রুতি ও বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে বিরোধী দলের নেতার পদ নেবেন না। তবে জাতীয় পরিষদের গুরুত্বপূর্ণ পদটিতে অবস্থান করে রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য ইমরান পিপিপি, এমকিউএম বা জমিয়ত উলামা-ই-ইসলামের সঙ্গে আপস করতেও পারেন। কারণ, দেশটিতে বিরোধী দলের নেতার পদকে প্রধানমন্ত্রীর পরের পদের মর্যাদা দেওয়া হয়।

এদিকে পিপিপির নেতা সৈয়দ খুরশিদ শাহ বিরোধীদলীয় নেতা হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। পিপিপির এক নেতা ‘দ্য ডন’কে বলেছেন, নির্বাচনে ভরাডুবির পর পার্লামেন্টে বিরোধী দল হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ হাতছাড়া করতে চাইবে না তাঁর দল। তিনি বলেন, গত পার্লামেন্টে পিপিপির চিফ হুইপ ছিলেন খুরশিদ শাহ, আর এ মুহূর্তে তিনিই বিরোধীদলীয় নেতা হিসেবে সবচেয়ে জনপ্রিয় হবেন। তবে দলটির আরেক নেতা মাখদুম আমিন ফাহিমও এ পদে দলের সমর্থন পেতে পারেন।

এদিকে পাকিস্তান মুসলিম লীগের (কায়েদ) (পিএমএল-কিউ) মহাসচিব ও সাংসদ মুশাহিদ হুসেইন সাইদ দলের পক্ষ থেকে পিটিআইকে সমর্থন দিয়েছেন। তিনি বলেন, ‘এ পরিস্থিতিতে এবং যেভাবে নির্বাচনী প্রচারাভিযান চলেছে, আমি মনে করি ইমরান খানই বিরোধীদলীয় নেতা হিসেবে সবার কাছে গ্রহণযোগ্য হবেন।’ তিনি আরও বলেন, এ বিষয়ে তিনি পিপিপির সঙ্গেও আলোচনা করবেন।

শেষ পর্যন্ত ইমরানের রাজনৈতিক দক্ষতা ও পাকিস্তানের জটিল রাজনৈতিক পরিস্থিতিই নির্ধারণ করবে ইমরান বিরোধীদলীয় নেতা হবেন কিনা।