বিরোধীদের ওয়েবসাইট ও টেলিভিশন চ্যানেল বন্ধ করে দিয়েছে থাই সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থাইল্যান্ডের কর্তৃপক্ষ গতকাল বৃহস্পতিবার সরকার বিরোধীদের ওয়েবসাইট ও টেলিভিশন চ্যানেল বন্ধ করে দিয়েছে। এতে দেশটির চলমান সংকট আরও বেড়েছে। প্রধানমন্ত্রী অভিজিত্ ভেজ্জাজিভা ভিয়েতনাম সফর বাতিল করেছেন। সেখানে আঞ্চলিক জোট আসিয়ানের বার্ষিক সম্মেলনে যোগ দেওয়ার কথা ছিল তাঁর। পরিস্থিতি নিয়ন্ত্রণে বুধবার রাজধানী ব্যাংককে জরুরি অবস্থা জারি করা হয়।আগের দিন সরকারবিরোধী বিক্ষোভকারীরা পার্লামেন্ট প্রাঙ্গণে ধেয়ে গেলে সেখানে অবস্থানরত প্রধানমন্ত্রী এবং আইনপ্রণেতা ও মন্ত্রিপরিষদের সদস্যরা নিরাপদ স্থানে পালিয়ে যান। প্রায় এক মাস ধরে প্রধানমন্ত্রী ভেজ্জাজিভার পদত্যাগ ও নতুন নির্বাচন ঘোষণার দাবিতে বিক্ষোভ করে আসছে লাল-শার্ট পরিহিত বিক্ষোভকারীরা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রাপন্থী এসব বিক্ষোভকারী ব্যাংককে অবস্থান নিয়ে তাঁদের দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে। জরুরি অবস্থা জারির পরও তা মানছে না তাঁরা। বরং আজ শুক্রবার তাঁরা সবচেয়ে বড় সমাবেশ আয়োজনের ঘোষণা দিয়েছেন।গতকাল কর্তৃপক্ষ বিক্ষোভকারীদের পক্ষে থাকা বেশির ভাগ ওয়েবসাইট এবং কয়েকটি টেলিভিশন চ্যানেল বন্ধ করে দিয়েছে। আরও বিক্ষোভকারীদের শহরে প্রবেশ ঠেকাতে রাজধানীর প্রবেশমুখে তল্লাশি চৌকি বসানো হয়েছে। তবে বিক্ষোভকারীরা তাঁদের অবস্থান ধরে রাখার ঘোষণা দিয়েছেন। বিক্ষোভকারীদের এক নেতা ওয়েং তোজিরাকার্ন বলেন, ‘আমরা আক্রমণাত্মক নীতি গ্রহণ করব। আমরা কিছু না করে শুধু বসে থাকতে পারি না। এটা আমাদের অধিকার।’ আরেক নেতা নাত্তাউত সাইকুয়া বলেন, ‘আমরা হাল ছাড়ব না। আমরা উদ্বিগ্ন নই।’প্রধানমন্ত্রী ভেজ্জাজিভা দ্বিমুখী সংকটের মুখে রয়েছেন। বিক্ষোভকারীদের দাবি মেনে নতুন নির্বাচন ঘোষণা করলে তাতে তাঁর জয়লাভের সম্ভাবনা ক্ষীণ। আর বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীকে দিয়ে কয়েক হাজার বিক্ষোভকারীর ওপর দমন-নিপীড়ন শুরু করলে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়বে। বিশ্লেষকদের ধারণা, বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবেন না প্রধানমন্ত্রী। এটি রাজনৈতিকভাবে একটি ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত হবে।ব্যাংককের অভিজাত বাণিজ্যিক এলাকায় থাইল্যান্ডের গ্রামাঞ্চলের নিম্নবিত্ত শ্রেণীর এসব বিক্ষোভকারীরা গত শনিবার থেকে অবস্থান করছেন। গতকাল বিকেল পর্যন্ত তাঁদের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। স্থানীয় ব্যক্তিরা জানিয়েছেন, এই সংখ্যা বাড়ছে। বিক্ষোভকারীরা সেখানে উৎসবের আমেজ বজায় রেখেছেন। কিন্তু স্থানীয় ব্যাংককবাসীর জীবনযাত্রায় ব্যাপক সমস্যা হচ্ছে। তাঁরা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর ওপর চাপ বাড়াচ্ছেন।এদিকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুধবার রাতে দুই মোটরসাইকেল আরোহী সরকারি দপ্তরে গুলি চালিয়েছে। এতে দুজন নিরাপত্তা কর্মী আহত হয়। সরকার সমর্থক একটি বেতার কেন্দ্রে একটি গ্রেনেড ছোড়া হয়, তবে তা বিস্ফোরিত হয়নি।ইকনোমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের এশিয়াবিষয়ক সম্পাদক ড্যানি রিচার্ডস বলেন, সিদ্ধান্ত নিতে দেরি করায় অভিসিতের সমালোচনা করা হচ্ছে। কিন্তু তিনি সংকটজনক অবস্থানে রয়েছেন। তাঁর সিদ্ধান্তের সঙ্গে মানুষের জীবনের প্রশ্ন জড়িত। জরুরি আইনের আওতায় বেশ কিছু নাগরিক অধিকার খর্ব হয়ে যায়। পাঁচ জনের বেশি নাগরিককে এক জায়গায় জড়ো হতে দেওয়া হয় না এবং সংবাদ মাধ্যমের ওপর নিয়ন্ত্রণ আরোপ করা হয়। তবে বুধবার ভেজ্জাজিভা জনগণকে আশ্বস্ত করেছেন, জরুরি আইনের আওতায় দমননীতি গ্রহণ করা হবে না। সম্প্রতি তিনি বিক্ষোভকারীদের সঙ্গে সমঝোতার জন্য আগামী ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠানের প্রস্তাব দিয়েছেন। কিন্তু বিক্ষোভকারীরা তা প্রত্যাখ্যান করে এখনই নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছে।রাজনৈতিক সংকটের কারণে থাইল্যান্ডের পুঁজিবাজারে ইতিমধ্যেই গত দুই মাসের মধ্যে সবচেয়ে বড় দরপতন হয়েছে। গতকালও পুঁজিবাজারের দুই শতাংশ দরপতন হয়েছে। রয়টার্স।