থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার সমর্থকেরা গতকাল রোববার সরকারবিরোধী বিক্ষোভকারীদের পাল্টা জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে। একটি বিক্ষোভ সমাবেশে হামলায় একজন নিহত হওয়ার কয়েক ঘণ্টার মাথায় ক্ষমতাসীন দলটির এই ঘোষণায় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে।
সরকারপন্থী ইউনাইটেড ফ্রন্ট ফর ডেমোক্রেসি এগেইনেস্ট ডিক্টেটরশিপের (ইউডিডি) নেতারা সরকারবিরোধী বিক্ষোভের নেতা সুথেপ থাগসুবানের সঙ্গে ‘বোঝাপড়া’ করার প্রত্যয় ব্যক্ত করেন। এতে রাজধানী ব্যাংককসহ বিভিন্ন এলাকায় উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে।
প্রধানমন্ত্রী ইংলাকের পদত্যাগের দাবিতে কয়েক সপ্তাহ ধরে ব্যাংককের প্রধান প্রধান এলাকাগুলো অবরুদ্ধ করে রেখেছে সুথেপের অনুসারীরা। সরকারবিরোধীদের জবাব দিতে গতকাল রাজধানী ব্যাংককের উত্তর-পূর্বাঞ্চল রাটচাসিমায় হাজার হাজার সমর্থককে জড়ো করে ইউডিডি। এ সময় ইউডিডির নেতা ও ক্ষমতাসীন দল পুয়ে থাই পার্টির জতুপর্ন প্রোমপান সমর্থকদের উদ্দেশ্যে বলেন, ‘এই লড়াই হবে যেকোনো লড়াইয়ের চেয়ে কঠিন...আমরা সুথেপ ও তাঁর সমর্থকদের বিরুদ্ধে কীভাবে বোঝাপড়া করতে পারি, তা অবশ্যই ভাবতে হবে।’
ওই বক্তব্যের মাধ্যমে ইউডিডির নেতা জতুপর্ন একটি সশস্ত্র লড়াইয়ের ডাক দিলেন কি না, তা পরিষ্কার নয়। তবে থাইল্যান্ডের পূবাঞ্চলীয় ত্রাত প্রদেশে সরকারবিরোধী বিক্ষোভকারীদের সমাবেশে গুলি ও বিস্ফোরক ছোড়ার কয়েক ঘণ্টার মাথায় তিনি ওই বক্তব্য দেন। ওই ঘটনায় অন্তত একজন নিহত হয়।
এদিকে চলমান সরকারবিরোধী বিক্ষোভের পাশাপাশি প্রধানমন্ত্রী ইংলাকের জন্য আরেক মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে দুর্নীতিবিরোধী কমিশনের একটি পদক্ষেপ। কমিশন ধানচাষিদের ভর্তুকি দেওয়া-সংক্রান্ত একটি প্রকল্প নিয়ে ইংলাকের বিরুদ্ধে গত সপ্তাহে দায়িত্বে অবহেলার অভিযোগ আনে। বৃহস্পতিবার এ বিষয়ে শুনানি হবে। রয়টার্স।