বিরোধীদের তোপের মুখে ক্যামেরন সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাইরাইনে অস্ত্র বিক্রির অনুমতি দিয়ে বিরোধীদের তোপের মুখে পড়েছে ব্রিটেনের সরকার। তবে জরুরি ভিত্তিতে বিষয়টি পর্যালোচনার আশ্বাস দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।ডেভিড ক্যামেরনের নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকে ব্রিটেনের বিভিন্ন অস্ত্র নির্মাতা কোম্পানিকে বাহরাইনে কাঁদানে গ্যাসসহ বিভিন্ন অস্ত্র বিক্রির অনুমতি দেওয়া হয়। অভিযোগ উঠেছে, ওইসব অস্ত্র এখন বাহরাইনের পুলিশ সে দেশের সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর ব্যবহার করছে। এর মধ্য দিয়ে মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে।গত বছরের শেষ দিকে প্রকাশিত অস্ত্র রপ্তানির ওপর ব্যবসায় বিভাগের এক প্রতিবেদনে বলা হয়, সিএস হাত গ্রেনেডসহ বিক্ষোভ দমনে ব্যবহার করা হয় এমন বেশ কিছু অস্ত্র রপ্তানির ব্যাপারে ব্রিটেনের কয়েকটি অস্ত্র নির্মাতা কোম্পানিকে সবুজ সংকেত দিয়েছে সরকার। বাহরাইনে নির্বাচনের সময় এর আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়। বাহরাইনের রাজধানী মানামার কেন্দ্রস্থল পার্ল স্কয়ারে গত বৃহস্পতিবার ভোররাত তিনটার দিকে সে দেশের সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর পুলিশ হামলা চালায়। এ সময় অন্তত চারজন নিহত ও আড়াই শ বিক্ষোভকারী আহত হন। বৃহস্পতিবারই ব্রিটেনের হাউস অব কমন্সে জরুরি প্রশ্নোত্তর পর্বে এ বিষয়ে জানতে চাওয়া হলে ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ সরকারের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করেন। ভবিষ্যতে বাহরাইনে অস্ত্র বিক্রির ওপর সরকার নিষেধাজ্ঞা আরোপ করবে কি না, এমন প্রশ্নের সরাসরি কোনো উত্তর দেননি তিনি। তবে পররাষ্ট্রমন্ত্রী বাহরাইনে অস্ত্র রপ্তানির ব্যাপারে সাম্প্রতিক সময়ে অনুমতিপত্র দেওয়ার সিদ্ধান্তের বিষয়টি পর্যালোচনার প্রতিশ্রুতি দেন। ডেভিড ক্যামেরন ও কনজারভেটিভ পার্টির নেতৃস্থানীয় মন্ত্রীরা বাহরাইনের সঙ্গে মিত্রতা বজায় রেখে চলেছেন। গত মে মাসের সাধারণ নির্বাচনেরও প্রায় এক বছর আগে তৎ কালীন বিরোধী দলের এই নেতা বাহরাইনের বাদশাহ শেখ হামাদ বিন ইসা আল খলিফার কাছ থেকে ঝরনা কলম ও বোতামসহ মূল্যবান উপহারসামগ্রী গ্রহণ করেন।ব্রিটেনের পররাষ্ট্র দপ্তরের জুনিয়র মন্ত্রী অ্যালাস্টেয়ার বার্ট বলেন, বাহরাইনে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তিনি বলেন, ‘আঞ্চলিক ও আন্তর্জাতিক সংঘাত ছড়িয়ে দেওয়ার কাজে ব্যবহারের লক্ষ্যে কোনো দেশে আমরা অস্ত্র রপ্তানির অনুমতি দেব না।’লেবার পার্টির সরকার আমলে পররাষ্ট্র দপ্তরের জুনিয়র মন্ত্রী ডেনিস ম্যাকশেন বলেন, ‘ব্রিটিশ অস্ত্র নির্মাতাদের কারণে বাহরাইনে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালনকারীরা নিহত হয়েছেন। এটা ভেবে আমি “শারীরিকভাবে অসুস্থ” বোধ করছি। গোটা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়তে থাকা গণবিক্ষোভ দেখে সংশয় জাগে, ব্রিটেন আবার হয়তো ইতিহাসের উল্টো দিকে পা বাড়াচ্ছে।’ গতকাল শুক্রবার বিবিসিকে দেওয়া সাক্ষাৎ কারে পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ বলেন, অস্ত্র রপ্তানির ক্ষেত্রে ব্রিটেন বরাবরই কঠোর বিধিনিষেধ মেনে চলে। বাহরাইনের সরকারের প্রতি তাঁর কোনো আহ্বান আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, সে দেশের সরকারের উচিত হবে বিরোধীদের সঙ্গে আলোচনা করে চলমান পরিস্থিতি শান্তিপূর্ণভাবে সামাল দেওয়া। দেশটির রাজনৈতিক পদ্ধতির পরিবর্তন হওয়া দরকার বলেও মন্তব্য করেন তিনি। বিবিসি ও দ্য ইন্ডিপেন্ডেন্ট অনলাইন।