বিরোধীদের ধর্ষণের হুমকি তাপসের
বিরোধী কর্মীদের হত্যা ও তাঁদের নারী স্বজনদের ধর্ষণের হুমকি দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও টালিউড অভিনেতা তাপস পাল।
পশ্চিমবঙ্গের নদীয়া জেলার চৌমাহা গ্রামে সম্প্রতি এক সভায় এই হুমকি দেন তাপস। ২৪ ঘণ্টা নামের স্থানীয় একটি টিভি চ্যানেলের ক্যামেরায় ধরা পড়া এই বক্তব্য গতকাল সোমবার প্রচার করার পর তীব্র সমালোচনার মুখে পড়েছেন তাপস।
ওই ভিডিওতে তাপসকে বলতে দেখা যায়, ‘আমি প্রচুর মস্তানি করেছি। আমি পকেটে মাল নিয়ে ঘুরি, ...আমি নিজে রিভলবার দিয়ে গুলি করে চলে যাব। সিপিআইএমকে গুলি করে মারব। আমার মা, বোন, বাবা, বাচ্চা কারোর গায়ে যদি হাত পড়ে, আমি ছেড়ে কথা বলব না। বাড়ি, বাড়ি ঢুকে ছেলে পাঠিয়ে রেপ করে দেব। তৃণমূলের কারোর গায়ে যদি কোনো সিপিএম হাত দেয়, তাঁদের গুষ্টি শেষ করে দেব। বাড়িঘর জ্বালিয়ে দেব!’
তাপসের এই বক্তব্য নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। স্বামীর দেওয়া ওই বক্তব্যের জন্য স্ত্রী নন্দিনী পাল আজ মঙ্গলবার ক্ষমা চেয়েছেন। তবে তৃণমূলের এই সাংসদ আজ সকাল পর্যন্ত তাঁর বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেননি বা ক্ষমা চাননি।
আত্মপক্ষ সমর্থন করে গতকাল সোমবার দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে তাপস বলেন, ‘আপনি যখন দেখবেন কোনো গর্ভবতী মা নির্যাতিত হয়েছেন, কোনো পুরুষের হাত কেটে দেওয়া হয়েছে, আপনি তখন রাগ নিয়ন্ত্রণ করতে পারবেন না।’
তাপসের বক্তব্যের নিন্দা জানিয়েছে তৃণমূল। তবে তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি।