বিলাওয়ালের আমন্ত্রণে পাকিস্তানে যেতে রাজি রাহুল গান্ধী
প্রথমবারের মতো ভারতের মাটিতে পা রেখেছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি। গতকাল রোববার বাবা পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সঙ্গে দিল্লিতে পৌঁছান বিলাওয়াল। পরে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের আমন্ত্রণে তাঁর রেসকোর্স রোডের বাড়িতে মধ্যাহ্নভোজে অংশ নেন। সেখানে কংগ্রেসের সাধারণ সম্পাদক রাহুল গান্ধীও ছিলেন। ভোজের পাশাপাশি বিলাওয়াল ও রাহুল বৈঠক করেন। ৪০ মিনিটব্যাপী এই বৈঠকে বিলাওয়াল পাকিস্তান সফর করার জন্য রাহুলকে আমন্ত্রণ জানান। রাহুল গান্ধীও সানন্দে তাতে সম্মতি দেন।এদিকে ভারতে পা রাখার সঙ্গে সঙ্গেই বিলাওয়ালের ভক্তরা ফেসবুকে তাঁকে স্বাগত জানায়। উচ্ছ্বসিত বিলাওয়ালও দিল্লিতে পোঁছানোর পরে টুইটারে দেওয়া এক বার্তায় ভারতের শান্তি কামনা করেন।মধ্যাহ্নভোজের আগে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ও পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি বৈঠক করেন। জানা গেছে কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধীকেও ওই ভোজে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে সোনিয়া সেখানে যাননি। রাজস্থানের আজমিরে খাজা মঈনুদ্দিন চিশতি (রহ.)-এর মাজারে বাবার সঙ্গে প্রার্থনায় অংশ নেবেন বিলাওয়াল। বিলাওয়াল ভুট্টো জারদারির বয়স এখন ২৪ বছর। ২০০৭ সালে তিনি মা বেনজির ভুট্টোর মৃত্যুর পর পিপিপির চেয়ারম্যানের দায়িত্ব নেন। তখন তাঁর বয়স ছিল মাত্র ১৯ বছর। এএফপি, জিনিউজ।