বিলি দ্য কিডকে ক্ষমা করা হলো না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের ‘বুনো পশ্চিমের’ কুখ্যাত বন্দুকধারী বিলি দ্য কিডকে ক্ষমা করেননি নিউ মেক্সিকোর গভর্নর বিল রিচার্ডসন। তিনি বলেছেন, অপরাধীর তালিকা থেকে বিলি দ্য কিডের নাম কোনোভাবেই প্রত্যাহার করা হবে না। তিনি বিলিকে মরণোত্তর ক্ষমা ঘোষণা করবেন না।উনিশ শতকের কুখ্যাত এই অপরাধীর বিরুদ্ধে ২৭টি হত্যাকাণ্ডের অভিযোগ রয়েছে। ১৮৮১ সালে তিনি কারাগার থেকে পালানোর সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান। তখন তাঁর বয়স ছিল মাত্র ২১ বছর। বিলি দ্য কিড ১৮৭৮ সালে নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের একজন কাউন্টি শেরিফকে (প্রধান নির্বাহী) হত্যা করেন। এই হত্যা মামলায় গ্রেপ্তারের পর তাঁকে আশ্বস্ত করা হয়েছিল, অপর একটি হত্যা মামলায় তিন ব্যক্তির বিরুদ্ধে সাক্ষ্য দিলে তাঁকে ক্ষমা করা হবে। কিন্তু ১৩০ বছরেও বিলি দ্য কিডকে ক্ষমা করা হয়নি।শত বছরের পুরোনো এই প্রতিশ্রুতি রক্ষায় বিলি দ্য কিডকে ক্ষমা করে দেওয়ার জন্য নিউ মেক্সিকোর আইনজীবী র‌্যান্ডি ম্যাকগিন সম্প্রতি রাজ্য গভর্নর রিচার্ডসনের কাছে আবেদন জানিয়েছিলেন। বিল রিচার্ডসন গভর্নর হিসেবে শিগগিরই দায়িত্ব ছেড়ে দিচ্ছেন। এর আগে বিলি দ্য কিডকে ক্ষমা করে দেওয়ার বিষয়টি বিবেচনা করে দেখার অনুরোধ জানান ম্যাকগিন। ইউএস টিভিকে রিচার্ডসন বলেছেন, গভর্নর ওয়ালেস কেন প্রতিশ্রুতি রাখতে পারেননি, সে সম্পর্কে পর্যাপ্ত ঐতিহাসিক তথ্য-উপাত্ত না থাকায় বিলি দ্য কিডকে ক্ষমা করা যাচ্ছে না।বিলি দ্য কিড ১৮৭৮ সালে গ্রেপ্তার হন। একাধিক হত্যাকাণ্ডের দায়ে আদালত তাঁকে মৃত্যুদণ্ডাদেশ দেন। কিন্তু দুজন কারারক্ষীকে হত্যা করে তিনি জেল থেকে পালিয়ে যান। কিছুদিন পরফের গ্রেপ্তার হন তিনি। এবারও জেল থেকে পালানোর চেষ্টা করেন। কিন্তু নিরাপত্তা কর্মকর্তাদের গুলিতে মারা যান তিনি।অপরাধী হলেও চলচ্চিত্র ও গল্পকাহিনির সুবাদে বিলি দ্য কিড যুক্তরাষ্ট্রের ওই সময়ের এক কিংবদন্তির চরিত্র। বিবিসি, এএফপি।