বিলুপ্তি থেকে বাঘ রক্ষায় বড় ধরনের পরিকল্পনা নেওয়া হয়েছে। বাঘ আছে এমন ১৩টি দেশের প্রতিনিধিরা গতকাল বুধবার ইন্দোনেশিয়ার বালিতে এক প্রাক-শীর্ষ সম্মেলনে এ সংক্রান্ত একটি ঘোষণাপত্র তৈরি করেন। আগামী সেপ্টেম্বরে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠেয় ‘বাঘ শীর্ষ সম্মেলন’-এ এই ঘোষণাপত্রে স্বাক্ষর করা হবে। ২০২২ সালের মধ্যে এসব দেশে বাঘের সংখ্যা দ্বিগুণ করাই এ সম্মেলনের লক্ষ্য।সম্মেলনে আমন্ত্রণ জানানো ১৩টি দেশ হচ্ছে বাংলাদেশ, ভুটান, চীন, ভারত, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, লাওস, মালয়েশিয়া, মিয়ানমার, নেপাল, রাশিয়া, থাইল্যান্ড ও ভিয়েতনাম।বাঘ রক্ষায় ১৩টি দেশ যে পরিকল্পনা নিয়েছে, এর মধ্যে রয়েছে বাঘের ব্যবস্থাপনা, সংরক্ষণ, রক্ষা ও আবাসক্ষেত্র বাড়ানোর পরিকল্পনা বাস্তবায়নে সম্ভাব্য সব ধরনের উদ্যোগ কার্যকর করা। বাঘ শিকার, বাঘের অঙ্গ-প্রত্যঙ্গের ব্যবসা ও এসব পাচার বন্ধে যৌথভাবে কাজ করার ব্যাপারেও প্রতিনিধিরা একমত হন।বিশ্বব্যাংকের ‘গ্লোবাল টাইগার ইনিশিয়েটিভ’ কর্মসূচির পরিচালক কেশব বার্মা বলেন, বালিতে বাঘ-সংক্রান্ত প্রাক-শীর্ষ সম্মেলনে সামনের দিকে এগিয়ে যাওয়ার পরিষ্কার নির্দেশনা পাওয়া গেছে। তবে এ ব্যাপারে তহবিল এখনো একটি সমস্যা। তিনি বলেন, এ ক্ষেত্রে অর্থায়নের জন্য একটি আন্তর্জাতিক তহবিল, বহু দাতার সমন্বয়ে ট্রাস্ট তহবিল বা কিছু নমনীয় আর্থিক ব্যবস্থাপনা প্রয়োজন।ইন্দোনেশিয়ার সংরক্ষণ কর্মকর্তা হ্যারি সন্তোষী বলেন, জীববৈচিত্র্য সংরক্ষণ প্রকল্পের জন্য গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটি থেকে মঞ্জুরি হিসেবে পাঁচ কোটি ৪১ লাখ ৭০ হাজার ডলার পেতে একটি প্রস্তাব নিয়ে কাজ করছে ইন্দোনেশিয়া। এএফপি।