বিলুপ্তির ঝুঁকিতে চিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সংখ্যা ক্রমেই কমে যাওয়ায় সুদর্শন বন্য প্রাণী চিতা বিলুপ্তির পথেই এগোচ্ছে। মুক্ত অরণ্যে চিতার সংখ্যা কমতে কমতে এখন মাত্র ৭ হাজার ১০০টিতে দাঁড়িয়েছে। যুক্তরাজ্যের একদল গবেষক এ তথ্য দিয়েছেন।
ব্রিটিশ গবেষকদের প্রতিবেদনটি বলছে, এশিয়ায় চিতারা বলতে গেলে হারিয়েই গেছে। ইরানে প্রাণীটির সংখ্যা এখন ৫০টিরও কম। এতে উল্লেখ করা হয়, বিশ্বের অর্ধেকের বেশি চিতার বাস আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় ছয়টি দেশে।
চিতা অভয়ারণ্যের বাইরে পা রাখে শিকারের খোঁজেই। এদের বিচরণক্ষেত্রের প্রায় ৭৭ শতাংশই বিভিন্ন সংরক্ষিত এলাকার বাইরে। ফলে তারা সমস্যায় পড়ছে। প্রায়ই মানুষের সঙ্গে সংঘাত হচ্ছে। চিতার শিকারও কমে যাচ্ছে। জিম্বাবুয়েতে গত ১৬ বছরে প্রাণীটির সংখ্যা ১ হাজার ২০০ থেকে কমে মাত্র ১৭০টিতে দাঁড়িয়েছে।
গবেষক দলটির প্রধান জুওলজিক্যাল সোসাইটি অব লন্ডনের প্রাণীবিদ সারাহ ডুরান্ট বলেন, চিতা নিভৃতে থাকতে পছন্দ করে। তাই এদের ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য জোগাড় করা কঠিন। এ কারণেই প্রাণীটির ক্রমবিলুপ্তির বিষয়টি অজানা রয়ে যাচ্ছে। এদের টিকিয়ে রাখতে প্রচুর জায়গা প্রয়োজন। অরণ্যে এদের ওপর অনেক রকমের হুমকি রয়েছে।
চিতার অস্তিত্ব নিয়ে আরেকটি বড় উদ্বেগের কারণ চোরাচালান। উপসাগরীয় আরব দেশগুলোর চাহিদার কারণে চিতাশাবক পাচার বেড়েছে। কালোবাজারে একেকটি শাবকের দাম ১০ হাজার মার্কিন ডলার পর্যন্ত ওঠে। চিতা সংরক্ষণ তহবিল জানায়, আফ্রিকা থেকে গত ১০ বছরে ১ হাজার ২০০ চিতাশাবক পাচার হয়েছে। এদের ৮৫ শতাংশই যাত্রাপথে প্রাণ হারিয়েছে।
গবেষক দলটির আরেক সদস্য কিম ইয়ং-ওভারটন বলেন, সংরক্ষিত এলাকাগুলো এখন আর চিতার বিলুপ্তি রোধে পর্যাপ্ত নয়। এদের বাঁচাতে হলে আরও বড় পরিসরে চিন্তা করতে হবে।
এ বিষয়ে একটি গবেষণা প্রতিবেদন প্রসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস সাময়িকীতে প্রকাশিত হয়েছে।