বিলুপ্তির পথে ২৫ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী
২৫ প্রজাতির স্তন্যপায়ী সর্বোচ্চ শ্রেণীর প্রাণী বিলুপ্তির পথে। এর মধ্যে বিরল প্রজাতির লেমুর, বানর ও গরিলাও রয়েছে। জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়া না হলে এগুলো বিলুপ্ত হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন গবেষকেরা। গত বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা বলা হয়।দ্য ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন অব নেচার (আইইউসিএন) এবং কয়েকটি প্রাণী সংরক্ষণ ও গবেষণা প্রতিষ্ঠান জানায়, বিশ্বের জানা ৬৩৪ প্রজাতির স্তন্যপায়ী প্রাণীর মধ্যে প্রায় অর্ধেক কিছু না কিছু ঝুঁকির মধ্যে রয়েছে।ঝুঁকির মুখে থাকা প্রাণীর সংখ্যা খুব দ্রুত বৃদ্ধি পেয়েছে। মাত্র তিন বছর আগে আইইউসিএন জানিয়েছিল, এক-তৃতীয়াংশ স্তন্যপায়ী প্রাণী ঝুঁকির মধ্যে রয়েছে।আইইউসিএনের স্তন্যপায়ী বিশেষজ্ঞ গ্রুপের প্রধান রাসেল মিটারমেইয়ার বলেন, মেরুদণ্ডী প্রাণীর মধ্যে যেগুলো সবচেয়ে ঝুঁকির মধ্যে রয়েছে, সেগুলোর মধ্যে এই শ্রেণীর স্তন্যপায়ী প্রাণীও আছে।যে ২৫ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী বিলুপ্তির ঝুঁকির মধ্যে রয়েছে, সেগুলোর মধ্যে আছে মাদাগাস্কারের পাঁচটি, আফ্রিকান মহাদেশের ছয়টি, দক্ষিণ আমেরিকার তিনটি ও দক্ষিণ-পূর্ব এশিয়ার ১১টি প্রজাতির প্রাণী।সবচেয়ে ঝুঁকির মধ্যে রয়েছে ভিয়েতনামের সোনালি মাথার ল্যাঙ্গুর। ওই প্রজাতির প্রাণী এখন মাত্র ৬০ থেকে ৭০টি অবশিষ্ট আছে। টোনকিন উপসাগরের ক্যাট বা দ্বীপেই শুধু এ জাতের প্রাণী দেখা যায়।আরও দুই প্রজাতির প্রাণীর সংখ্যাও এখন ১০০ বা এর কাছাকাছি। এগুলো হচ্ছে মাদাগাস্কারের লেমুর এবং উত্তর ভিয়েতনামের ঝুঁটিবিশিষ্ট গিবন।মানুষের দখলদারির কারণে ক্যামেরুন-নাইজেরিয়া সীমান্তে যে প্রজাতির গরিলা দেখা যায়, সেগুলোর সংখ্যা কমে এসেছে। ওই জাতের গরিলার সংখ্যা ৩০০-এর নিচে নেমে গেছে। এএফপি।