বিলের ২৫ গুণ বকশিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গলফ খেলার পর রেস্তোরাঁয় খাবার খেতে গিয়েছিলেন তাঁরা। খাবার টেবিলে আসতে আসতেই জানা যায়, করোনাভাইরাস মহামারির কারণে ওই অঞ্চলে স্থানীয়ভাবে রেস্তোরাঁয় বসে খাওয়ার সুযোগ আর থাকছে না। যথারীতি খাবার খেয়ে খদ্দেরেরা চলে যান। তবে যাওয়ার আগে দিয়ে যান পাঁচ হাজার ডলারের বকশিশ। অথচ তাঁরা মাত্র ২০৫ ডলার মূল্যের খাবার খেয়েছিলেন!

এ ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায়। সেখানকার একটি রেস্তোরাঁর নিয়মিত কিছু খদ্দের এমন কাজটি করেছেন। স্থানীয় সংবাদমাধ্যম সিবিএস ফিলি এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। বিশাল অঙ্কের বকশিশ পেয়ে স্বাভাবিকভাবেই খুশি রেস্তোরাঁর কর্মীরা। রেস্তোরাঁ কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে এ ঘটনা প্রকাশ করে ক্রেতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে। তবে যাঁরা পাঁচ হাজার ডলার বকশিশ দিয়েছেন, তাঁদের নাম প্রকাশ করা হয়নি।

ওই রেস্তোরাঁর নাম ‘অ্যান্থনিস অ্যাট প্যাক্সন হলো’। ফেসবুক পোস্টে রেস্তোরাঁ কর্তৃপক্ষ লিখেছে, ‘ধন্যবাদ শব্দটি ছাড়া আমাদের কাছে আর কোনো শব্দ নেই। এভাবে আমাদের কর্মীদের অকল্পনীয় সমর্থন দেওয়া হলো। আমাদের কর্মীদের ছুটির দিনগুলো কাটাতে সাহায্য করার জন্য ধন্যবাদ।’

ফেসবুকে ঘটনাটি জানানোর পর বেশ আলোড়ন পড়েছে। অনেক ফেসবুক ব্যবহারকারী এরই মধ্যে ওই পোস্টে মন্তব্য করছেন। এক ব্যক্তি লিখেছেন, ‘দারুণ! পৃথিবীতে ভালো মানুষ দেখতে পারাটা অসাধারণ ব্যাপার।’

পাঁচ হাজার ডলারের বকশিশ পেয়েছিলেন রেস্তোরাঁটির জিয়ান্না ডি অ্যাঞ্জেলো নামের একজন কর্মী। জিয়ান্না জানিয়েছেন, বকশিশ পেয়ে তিনি ‘হতভম্ব’ হয়ে পড়েছিলেন। এবিসি নিউজকে তিনি বলেন, ‘যেকোনো পরিমাণ অর্থ বকশিশ হিসেবে পেলেই আমি খুশি থাকি। তাই যখন বলা হলো যে এটি পাঁচ হাজার ডলার, আমি বিশ্বাসই করতে পারছিলাম না।’