বিশাল আকরিক খনির জন্য দরপত্র ছেড়েছে আফগান সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তান সরকার সে দেশে নতুন আবিষ্কৃত আকরিক খনির জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করেছে। দেশটির খনিমন্ত্রী ওয়াহিদুল্লাহ শাহরানি গতকাল শনিবার আনুষ্ঠানিকভাবে এ দরপত্র আহ্বান করেন। আফগানিস্তানের বামিয়ান প্রদেশে অবস্থিত এ খনিতে অন্তত ২০০ কোটি টন আকরিক রয়েছে। ইস্পাত তৈরির প্রধান কাঁচামাল হচ্ছে আকরিক।হাজিগাক নামের এ খনি পৃথিবীর অন্যতম বড় আকরিক খনি বলে ধারণা করা হচ্ছে। বছরে এ খনিসম্পদ থেকে সরাসরি সরকারিভাবে ৩০ কোটি মার্কিন ডলার ও পরোক্ষভাবে দেড় শ কোটি ডলার আয় করা সম্ভব।আফগানিস্তানের খনিমন্ত্রী বলেছেন, ‘হাজিগাক আকরিক খনির জন্য আজ (গতকাল) থেকে দরপত্র গ্রহণ উন্মুক্ত করা হলো।’ সরকারি ওয়েবসাইটসহ অর্থনীতি ও খনিবিষয়ক প্রভাবশালী সব সাময়িকীতে এ দরপত্রসংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়েছে।আফগানিস্তান সরকার গত বছর আকরিক খনি নিয়ে প্রথম দরপত্র আহ্বান করেছিল। সেই সময় একটি বড় প্রতিষ্ঠান এ আহ্বানে সাড়াও দিয়েছিল। কিন্তু দুর্নীতির অভিযোগে তৎকালীন খনিমন্ত্রীর পদচ্যুতির পর এ প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। ওয়াহিদুল্লাহ শাহরানি দায়িত্ব নেওয়ার পর নতুন করে দরপত্র আহ্বান করা হলো।মার্কিন ভূতাত্ত্বিকেরা চলতি বছরের শুরুতে আফগানিস্তানে একটি জরিপ চালিয়েছেন। এ সময় তাঁরা সেখানে বিপুল পরিমাণ প্রাকৃতিক সম্পদের সন্ধান পান। এসবের মধ্যে রয়েছে লিথিয়াম, লৌহ, সোনা, ও কোবাল্ট। এএফপি।