বিশাল জয় পেল থাকসিন-সমর্থিত দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থাইল্যান্ডের ২৬তম সাধারণ নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা-সমর্থিত প্রধান বিরোধী দল পুয়ে থাই পার্টি বিশাল ব্যবধানে জয়ী হয়েছে। গতকাল রোববার এ নির্বাচনে ভোটগ্রহণকরা হয়।বর্তমান প্রধানমন্ত্রী আপিসিত ভেজ্জাজিওয়া পরাজয়মেনে নিয়েছেন। তিনি থাকসিন সিনাওয়াত্রার ছোট বোন ইংলাক সিনাওয়াত্রার নেতৃত্বাধীন পুয়ে থাই পার্টিকে অভিনন্দন জানান। ইংলাক সিনাওয়াত্রাই হবেন থাইল্যান্ডের প্রথম নারী প্রধানমন্ত্রী।নির্বাচন কমিশন জানায়, ৯২ শতাংশ ভোট গণনার পর দেখা গেছে, পার্লামেন্টের ৫০০টি আসনের মধ্যে পুয়েথাই পার্টি ২৬০টি আসনে জয়ী হয়েছে। আপিসিতের নেতৃত্বাধীন ডেমোক্র্যাট পার্টি পেয়েছে ১৬৩টি আসন।টেলিভিশনে নির্বাচনের ফল সম্প্রচার করামাত্র ইংলাকের সমর্থিত কর্মী-সমর্থকেরা উল্লাসে ফেটে পড়েন। অনেকে ‘নাম্বার ওয়ান ইংলাক’ বলে চিৎকার করেন। কেউ কেউ বলেন ‘প্রধানমন্ত্রী ইংলাক’। এ সময় অনেককে পরস্পরকে অভিনন্দন জানাতে দেখা গেছে।গত বছর থাকসিন-সমর্থিত লাল শার্ট পরিহিতদের গণবিক্ষোভের পর সেনাসমর্থিত থাইল্যান্ডে এটাই হলো প্রথম নির্বাচন। ওই বিক্ষোভে অচল হয়ে গিয়েছিল রাজধানী ব্যাংকক, যা ছিল গত কয়েক দশকের মধ্যে দেশটিতে সবচেয়ে বড় রাজনৈতিক সহিংসতার ঘটনা। ২০১০ সালের এপ্রিল-মে মাসে সংঘটিত ওই বিক্ষোভে প্রায় ১০০ লোক মারা যান।ইংলাক সিনাওয়াত্রা গতকাল ব্যাংককে দলীয় সদর দপ্তরে কর্মী-সমর্থকদের উদ্দেশে বলেছেন, ‘থাকসিন আমাকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন এবং বলেছেন, সামনে কঠিন পথ পাড়ি দিতে হবে।’ ৪৪ বছর বয়সী এই সফল ব্যবসায়ী বলেন, ‘আপনারা যাঁরা ভোট দিয়েছেন, তাঁদের ধন্যবাদ।’গতকাল লোকজনকে স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে যেতে দেখা গেছে। লম্বা লাইনে দাঁড়িয়ে তাঁরা ভোটাধিকার প্রয়োগ করেছেন। ধারণা করা হচ্ছে, থাইল্যান্ডে এটিই হচ্ছে কয়েক দশকের মধ্যে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সারা দেশের ভোটকেন্দ্রগুলোতে এক লাখ ৭০ হাজার পুলিশ মোতায়েন করা হয়।এদিকে দেশে ফেরার জন্য উন্মুখ হয়ে আছেন থাকসিন। দুবাই থেকে থাই সম্প্রচার মাধ্যম পিবিএসকে তিনি বলেছেন, ‘আমি থাইল্যান্ডে ফিরে যেতে চাই। কিন্তু একটা উপযুক্ত সময়ের জন্য অপেক্ষা করছি।’থাকসিন সব পক্ষকে নির্বাচনের ফল মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘জনগণের সিদ্ধান্ত অবশ্যই প্রতিটি দলকে মেনে নিতে হবে। অন্যথায় আমাদের দেশ শান্তি অর্জন করতে পারবে না।’২০০৬ সালে এক সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত হন থাকসিন। এর পর থেকে স্বেচ্ছানির্বাসনে তিনি দুবাইয়ে বসবাস করছেন। দুর্নীতির অভিযোগে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তবে তিনি বরাবরই দাবি করেছেন, এটা রাজনৈতিক ষড়যন্ত্র।কম খরচে স্বাস্থ্যসেবা ও ক্ষুদ্রঋণ কর্মসূচি চালুর কারণে গ্রামের মানুষের কাছে খুবই জনপ্রিয় সাবেক প্রধানমন্ত্রী থাকসিন। কিন্তু ক্ষমতাসীনদের কাছে দুর্নীতিবাজ, স্বৈরশাসক ও রাজতন্ত্রের হুমকি হিসেবে বিবেচিত তিনি।২০০৮ সালে বিতর্কিত নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসেন আপিসিত। এএফপি, বিবিসি ও রয়টার্স।