বিশাল সেই হাঁস এখন হংকংয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব পরিভ্রমণের অংশ হিসেবে বিশালাকারের সেই হলুদ পাতিহাঁসটি অস্ট্রেলিয়া থেকে ব্রাজিল পর্যন্ত নয়টি দেশের বিভিন্ন শহর প্রদক্ষিণ করেছে। গতকাল বৃহস্পতিবার রাবারের তৈরি হাঁসটি ভাসানো হলো হংকংয়ের উপকূলে। ডাচ্ শিল্পী ফ্লোরেনতিন হোফম্যানের সৃষ্টি দৃষ্টিনন্দন হাঁসটি দেখার জন্য গতকাল ভোরে শত শত মানুষ হংকংয়ের বন্দরে সমবেত হন। এ সময় হাঁসটির রেপ্লিকা কিনে ইতিহাসের অংশ হওয়ার জন্য বহু মানুষ সারিবদ্ধ হয়ে দাঁড়ান।হাঁসটির উচ্চতা সাড়ে ১৬ মিটার। ২০০৭ সালের পর থেকে এটি বিশ্বের নয়টি দেশের ১৩টি শহর প্রদক্ষিণ করেছে। শিল্পকর্মটির স্রষ্টা হোফম্যান জানান, দর্শনার্থীদের জন্য হাঁসটি আগামী ৯ জুন পর্যন্ত হংকংয়ে রাখা হবে। পরিবর্তিত বিশ্বে এই শিল্পকর্মটি মানুষের মধ্যে ‘সেতুবন্ধ’ গড়তে কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন, জীবনের একঘেয়েমি থেকে মানুষ একটু স্বস্তি পেতে চায়। তাই তারা উঁচু ভবন থেকে হলুদ হাঁসটির ছবি তুলেছে।তাইওয়ান থেকে হাঁসটি দেখতে এসেছেন পেগি শি (২৮)। তিনি বলেন, ‘আমি হংকংয়ে বিশালকায় রাবারের হাঁসটিকে দেখছি। এটা সবার জন্য শান্তির বার্তা বয়ে এনেছে। তবে এ ঘটনায় আমি অনেক আনন্দ পেয়েছি।’ সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক ও টুইটারে এ হাঁসকে নিয়েব্যাপক আলোচনা চলছে। সবাই একে স্বাগত জানাচ্ছে। টুইটার ব্যবহারকারী জেসন গিরার্ড তাঁর অ্যাকাউন্টে লিখেছেন, বিশাল এই হাঁসটির আগমন মেঘাচ্ছন্ন আবহাওয়াকেও উজ্জ্বলকরে তুলেছে। এএফপি।