বিশিষ্ট ফরাসি কবি ইভ বানফুয়া আর নেই

ফ্রান্সের বিশিষ্ট আধুনিক কবি ইভ বানফুয়া মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। কবি পরিচয়ের পাশে ইভ বানফুয়া ছিলেন একজন অনুবাদকও।
ইভ বানফুয়ার শতাধিক বই ৩০টি ভাষায় অনূদিত হয়েছে। তিনি পরিচিত ছিলেন উইলিয়াম শেক্সপিয়ারের নাটক এবং ডব্লিউ বি ইয়েটস, জন ডান ও পেত্রার্কের কবিতার ফরাসি সংস্করণের জন্য। বানফুয়া তাঁর বন্ধু গ্রিক কবি ইয়োর্গো স্যাফেরিসের সাহিত্যকর্মও অনুবাদ করেছিলেন।
১৯২৩ সালে ফ্রান্সের তুহ শহরে জন্ম নেওয়া এই কবি পাবলো পিকাসো, আলবার্তো জ্যাকোমেত্তি ও পিত মনদ্রিয়ানের শিল্পকর্মের শিল্প সমালোচনাও করেছেন।
বানফুয়ার কবিতার প্রথম বই ১৯৪৬ সালে প্রকাশিত হয়। তৃতীয় বইটি তাঁকে প্রথমবারের মতো ব্যাপক খ্যাতি এনে দেয়। বানফুয়া ১৯৮১ থেকে ১৯৯৪ সালে ফ্রান্সের খ্যাতনামা বিদ্যাপীঠ কলেজ দো ফ্রঁসে তুলনামূলক কাব্যশাস্ত্র পড়াতেন। সেই সঙ্গে কয়েকটি মার্কিন বিশ্ববিদ্যালয়েও পড়াতেন তিনি।
বানফুয়া বলেছিলেন, ‘ভাষার যথার্থতায়’ অটল থেকে ‘জীবনে যা অত্যাসন্ন’ তাই তিনি নিজ কবিতায় উঠিয়ে আনার চেষ্টা করেন। তাঁর মত ছিল, ‘কবির কাজ হলো একটি গাছ কী রকম বস্তু সে সম্পর্কে ভেবেচিন্তে জবাব পাওয়ার আগেই মানুষের কাছে গাছের স্বরূপ তুলে ধরা।’