ভারতে চাঞ্চল্যকর স্পেকট্রাম টেলিকম দুর্নীতি মামলার দ্রুত শুনানির জন্য বিশেষ আদালত গঠন করতে সরকারের প্রতি নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। গত বৃহস্পতিবার এই নির্দেশ দেওয়া হয়।এদিকে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিবিআই) এবং এনফোর্সমেন্ট বিভাগ (ইডি) জানিয়েছে, সাবেক টেলিকমমন্ত্রী এ রাজা স্পেকট্রাম টেলিকম দুর্নীতির মাধ্যমে তিন হাজার কোটি রুপি অর্জন করেছেন।সুপ্রিম কোর্টের বিচারপতি জিএস সিংভি বলেন, ‘আমরা চাই, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ঘটনার দিকে সর্বোচ্চ মনোযোগ দেবে। আলাদা গুরুত্ব দিয়ে বিষয়টি নিষ্পত্তির জন্য বিশেষ আদালত গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। সরকারকে অবশ্যই এই আদালত গঠন করতে হবে।’আদালত এ রাজাকে আরও চার দিন আটক রেখে জিজ্ঞাসাবাদ করতে সংশ্লিষ্টদের অনুমতি দিয়েছেন। এ ঘটনায় এ রাজার সঙ্গে যোগসাজশের অভিযোগে ভারতের শীর্ষস্থানীয় একটি আবাসন কোম্পানির প্রধান শহিদ বালাকে আটক রাখার নির্দেশ দেন আদালত।সিবিআই ও ইডি দুর্নীতির মাধ্যমে এ রাজার তিন হাজার কোটি রুপি অর্জনের বিষয়ে বলেছে, এটি তাদের প্রাথমিক হিসাব। হিসাবটি গত মঙ্গলবার ভারতের সুপ্রিম কোর্টে জমা দেওয়া তাদের তদন্ত অগ্রগতির প্রতিবেদনের অংশ নয়।সংস্থা দুটি তাদের প্রতিবেদনে বলেছে, লাইসেন্স পাওয়া কিছু কোম্পানি আগেই লাইসেন্স ফির একটি খসড়া পেয়ে যায়। ২০০৮ সালে ভারতে কয়েকটি টেলিকম কোম্পানিকে দ্বিতীয় প্রজন্মের (টুজি) লাইসেন্স দেওয়া হয়। ওই লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে বড় ধরনের দুর্নীতি হয়েছে বলে অভিযোগ রয়েছে। এতে রাষ্ট্রের চার হাজার কোটি মার্কিন ডলারেরও বেশি ক্ষতি হয়েছে। এ-সংক্রান্ত দুর্নীতির অভিযোগে ভারতের তৎকালীন টেলিকমমন্ত্রী এ রাজা পদত্যাগে বাধ্য হন। পরে রাজাসহ আরও কয়েকজনকে এ মামলায় গ্রেপ্তার করা হয়। এএফপি।